সিলেটটুডে ডেস্ক | ২৮ জুন, ২০১৮
২০১৮-১৯ অর্থবছরের বাজেটে কতিপয় পণ্য ও সেবা খাতের ওপর কর প্রস্তাব হ্রাস-বৃদ্ধি করে বুধবার (২৭ জুন) সংসদে অর্থবিল-২০১৮ পাস হয়েছে।
ইন্টারনেট সেবার উপর ভ্যাট ১৫ শতাংশ থেকে ৫ শতাংশে নামিয়ে আনাসহ কর প্রস্তাবে কিছু সংশোধনী এনে অর্থবিল পাসের প্রস্তাব করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
তিনি সিগারেটের উপর বাড়তি কর আরোপ করেছেন, সেই সঙ্গে পেট্রোলিয়াম জেলির উপর সম্পূরক শুল্ক প্রত্যাহার করে নিয়েছেন।
এছাড়া দেশীয় মোবাইল ফোন উৎপাদনকারী প্রতিষ্ঠানের ওপর বর্তমান ভ্যাট অব্যাহতি সুবিধা বহাল রেখে এ শিল্পের সংযোজনকারী প্রতিষ্ঠানের জন্য শুধুমাত্র স্থানীয় উৎপাদন পর্যায়ে ৫ শতাংশের অতিরিক্ত ভ্যাট অব্যাহতি প্রদান করা হয়। সোশ্যাল মিডিয়া ও ভার্চুয়াল বিজনেস সেবা এবং তথ্য প্রযুক্তি নির্ভর সেবার সংজ্ঞা সংশোধন করে যুগোপযোগী করা হয়।
বিলে মোটরসাইকেল শিল্পের অধিকতর বিকাশের লক্ষ্যে দেশীয় মোটরসাইকেল উৎপাদনকারী প্রতিষ্ঠানের উপর ভ্যাট অব্যাহতি বহাল রেখে সংযোজনকারী প্রতিষ্ঠানের ক্ষেত্রে শুধুমাত্র স্থানীয় উৎপাদন পর্যায়ে ৭ শতাংশের অতিরিক্ত মূল্য সংযোজন কর অব্যাহতি প্রদান করা হয়। ক্রেডিট রেটিং এজেন্সি এর বিপরীতে প্রযোজ্য ১৫ শতাংশ ভ্যাটের পরিবর্তে নীট ৭ শতাংশ করার হয়।বিলে বর্তমান শুধুমাত্র ইন্টারন্যাশনাল ফ্লাইট পরিচালনার ক্ষেত্রে এয়ার লাইন্সসমূহের বন্দর সেবার বিপরীতে ১৫ শতাংশ ভ্যাট বহাল রাখা হয়।
ঔষধ শিল্প খাতের অন্যতম উপকরণ মোড়ক তৈরিতে পিভিসি ফ্লিম ও আনপ্রিন্টেডেট নায়নলন ফিল্মের ওপর থেকে বিদ্যমান শুল্ক ১০ থেকে হ্রাস করে ৫ শতাংশ করা হয়।
এছাড়া বর্তমানে দেশীয় কয়েকটি প্রতিষ্ঠান বিশ্বমানের গুণগতমান সম্পন্ন কোল্ড রোল্ড এবং কালার কোটেড কয়েল বা শীটের আমদানি শুল্ক বৃদ্ধি করে ২৫শতাংশ করা হয়। এছাড়া বিলে রেফ্রিজারেটর ও এয়ার কন্ডিশনার এর কাঁচামাল ০.২৫ এমএম পুরুত্বের ফ্লাট রোল্ড প্রোডাক্ট এর ওপর ১০ শতাংশ শুল্ক নির্ধারণ করা হয়। এছাড়া লীফ স্প্রিং এর ওপর ২০ শতাংশ, ৭৫০ ওয়াটের মোটর যন্ত্রপাতির ওপর শুল্ক বিলুপ্ত , টিভিসহ কতিপয় পণ্যের ওপর আমদানি পর্যায়ে শুল্ক হ্রাস-বৃদ্ধি করা হয়।
টানা ১০টি জাতীয় বাজেট দেওয়া ৮৫ বছরের মুহিতের এবারের বাজেট নিয়ে তেমন সমালোচনা হয়নি। তবে ব্যাংক খাতের দুরবস্থা নিয়ে নিজ দলের সংসদ সদস্যসহ জাতীয় পার্টির সাংসদদের তোপের মুখে পড়তে হয় তাকে।
আজ বৃহস্পতিবার (২৮ জুন) ২০১৮-১৯ অর্থবছরের বাজেট পাশ হবে সংসদে।