Sylhet Today 24 PRINT

সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ কমেছে

সিলেটটুডে ডেস্ক |  ২৯ জুন, ২০১৮

২০১৬ সালের তুলনায় ২০১৭ সালে সুইস ব্যাংকে বাংলাদেশিদের জমা করা অর্থের পরিমাণ কমেছে ২৭ শতাংশ। ২০১৬ সালে এর পরিমাণ বেড়েছিলো প্রায় ২০ শতাংশ।

বৃহস্পতিবার (২৮ জুন) সুইজারল্যান্ডের কেন্দ্রীয় ব্যাংক সুইস ন্যাশনাল ব্যাংক (এসএনবি) প্রকাশিত বার্ষিক প্রতিবেদনে এসব তথ্য প্রকাশ করা হয়েছে।

এই প্রতিবেদনে বলা হয়, ২০১৭ সাল পর্যন্ত সুইজারল্যান্ডের ব্যাংকগুলোতে বাংলাদেশিদের জমার পরিমাণ ৪৮ কোটি ১৩ লাখ সুইস ফ্রাঁ, বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ ৪ হাজার ৫৩ কোটি টাকা।

২০১৭ সালে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থের পরিমাণ ছিল ৬৬ কোটি ১৯ লাখ সুইস ফ্রাঁ বা ৫ হাজার ৫৭৪ কোটি টাকা। ২০১৬ সালের তুলনায় ২০১৭ সালে সুইস ব্যাংকে বাংলাদেশিদের আমানত কমেছে দেড় হাজার কোটি টাকা। শতকরা হিসেবে এটি ২৭ শতাংশ।

তবে প্রতিবেদনে সুইস ব্যাংক সুনির্দিষ্ট কোনো গ্রাহকের তথ্য দেওয়া হয়নি। গত কয়েক বছর ধরে দেশভিত্তিক আমানতের পরিমাণ প্রকাশ করে আসছে সুইজারল্যান্ডের কেন্দ্রীয় ব্যাংক।

টানা গত ৫ বছর ধরে গোপনীয়তার জন্য বিশ্বের ধনীদের কাছে জনপ্রিয় সুইস ব্যাংকে বাংলাদেশিদের আমানতের পরিমাণও বেড়েছিলো।

সুইস কেন্দ্রীয় ব্যাংকের ঘোষণা অনুযায়ী, কোনো বাংলাদেশি নাগরিকত্ব গোপন করে অর্থ জমা রাখলে ওই অর্থ এ হিসাবে অন্তর্ভুক্ত নয়। গচ্ছিত রাখা সোনা বা মূল্যবান সামগ্রীর আর্থিক মূল্যমানও হিসাব করা হয়নি ওই প্রতিবেদনে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.