Sylhet Today 24 PRINT

প্রধানমন্ত্রীকে এসএমএসের মাধ্যমে বরাদ্দ পেল স্কুল ভবন

সিলেটটুডে ডেস্ক |  ৩০ জুন, ২০১৮

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সরাসরি এসএমএস করে মাত্র চার কর্মদিবসে স্কুল ভবন পেলেন ফেনী সদর থানার রতনপুরের মানুষ।

শনিবার (৩০ জুন) প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব আশরাফুল আলম খোকন জানান, এক সৌদি প্রবাসীর সরাসরি এসএমএসে (মোবাইল ফোনের মেসেজ) ফেনী সদর থানার রতনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য ইতোমধ্যে পাঁচ শ্রেণিকক্ষের একটি বহুতল ভবন নির্মাণের প্রয়োজনীয় বরাদ্দ দেওয়া হয়েছে।

ওই এসএমএসটি পাঠান সৌদি প্রবাসী আনোয়ার হোসেন খোকন। তিনি প্রধানমন্ত্রীকে এ স্কুলটির কোড নম্বর পাঠিয়ে লিখেন যে, এই স্কুলটি স্থানীয় মুক্তিযোদ্ধা আফজালুর রহমানের জায়গার উপর প্রতিষ্ঠিত। কিন্তু প্রয়োজনীয় শ্রেণী কক্ষের অভাবে ছাত্র-ছাত্রীরা পড়াশোনা করতে পারছে না।

এসএমএসটি পাওয়ার পর ওই দিনই প্রধানমন্ত্রী তার একান্ত সচিব (১) তোফাজ্জল হোসেন মিয়াকে নির্দেশ দেন এই বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য। স্কুলটির কোড নম্বর মিলিয়ে একান্ত সচিব জানতে পারেন স্কুলটি হচ্ছে ফেনী সদর উপজেলার রতনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়।

সচিব তাৎক্ষণিক সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ করে প্রধানমন্ত্রীর নির্দেশনা পৌঁছে দেন। এরই ফলশ্রুতিতে বৃহস্পতিবার বিকালে পাঁচ শ্রেণী কক্ষের একটি ভবনের চূড়ান্ত অনুমোদন পায় রতনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। পর্যায়ক্রমে এটাকে বহুতল করা হবে। শিগগিরই এই ভবনের কাজ শুরু হবে বলে জানিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.