Sylhet Today 24 PRINT

আটকের পর বাকী বিল্লাহকে ছেড়ে দিল পুলিশ

সিলেটটুডে ডেস্ক |  ০৩ জুলাই, ২০১৮

কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদ করতে গিয়ে পুলিশের হাতে ঘণ্টাখানেকের জন্য আটক ছিলেন ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি ও ব্লগার বাকী বিল্লাহ।

মঙ্গলবার (৩ জুলাই) বিকালে জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে তাকে আটক করে রমনা থানায় নিয়ে যাওয়া হলেও মুচলেকা নিয়ে পরে ছেড়ে দেওয়া হয়।

কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারীদের উপর গত কয়েকদিন ধরে কয়েক দফায় হামলা হচ্ছে। এর প্রতিবাদে ‘অভিভাবক’ ব্যানারে মঙ্গলবার বিকালে সমাবেশ ডাকা হয়েছিল জাতীয় প্রেসক্লাবের সামনে।

এ সমাবেশে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আনু মুহাম্মদ, বিশ্ববিদ্যালয়টির সাবেক অধ্যাপক রেহনুমা আহমেদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ফাহমিদুল হকসহ অনেকে উপস্থিত ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকাল সাড়ে ৪টার দিকে তারা সমাবেশ করতে গেলে বাকী বিল্লাহকে আটক করে পুলিশ। বাকি বিল্লাহকে পুলিশ ভ্যানে তোলার পর রেহনুমা আহমেদ ও ফাহমিদুল হকও ভ্যানে উঠে পড়েছিলেন। তবে পুলিশ তাদের রেখে শুধু বাকি বিল্লাহকে আটক করে থানায় নিয়ে যায়।

তুলে নেওয়ার ঘণ্টাখানেক পরে রমনা থানা থেকে বাকীকে ছেড়ে দেওয়া হয়।

বাকী বিল্লাহ জানান, পুলিশ আমাকে গাড়িতে উঠিয়ে রমনা থানায় নিয়ে যায়। পরে সোয়া ৫টার দিকে মুচলেকা নিয়ে আমাকে ছাড়ে।

এ বিষয়ে ডিএমপির রমনা বিভাগের উপ কমিশনার মারুফ হোসেন সরদার বলেন, কোটা সংস্কার আন্দোলনের সঙ্গে ‘সংশ্লিষ্ট একটি গ্রুপ’ ফেসবুকের মাধ্যমে অভিভাবকদের জাতীয় প্রেসক্লাবের সামনে জড়ো হওয়ার জন্য বলেছিল। কিন্তু আমরা প্রেসক্লাবের সামনে গিয়ে দেখি তারা বামপন্থী লোকজন। তারা সিপিবি এবং বাসদের ব্যানারে মানববন্ধন করেছে। তাদের আমরা বাধা দেয়নি। তবে সেখানে ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি বাকী বিল্লাহ বেশ ঝামেলা করছিল। তাকে থানায় আনার পর ছেড়ে দেওয়া হয়েছে।

এই ঘটনায় কাউকে গ্রেপ্তার করা হয়নি বলেও জানান তিনি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.