Sylhet Today 24 PRINT

রাশেদ খান মেনন হাসপাতালে ভর্তি

সিলেটটুডে ডেস্ক |  ০৫ জুলাই, ২০১৮

পিচ্ছিল রাস্তায় পড়ে গিয়ে গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সমাজকল্যাণমন্ত্রী রাশেদ খান মেনন। হাঁটার সময় রাস্তায় পিছলে পড়ে তার বাম পায়ের হাড় ভেঙে গেছে।

বৃহস্পতিবার (৫ জুলাই) রাজধানীর মিন্টো রোডে মন্ত্রীর বাসভবনের সামনে এই ঘটনা ঘটে।

সমাজকল্যাণ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাইদুল ইসলাম প্রধান জানান, মন্ত্রীকে স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তিনি বলেন, মন্ত্রী মহোদয় ভোরে একা হাঁটতে বেরিয়ে ছিলেন। বৃষ্টি হওয়ায় রাস্তা ছিল পিচ্ছিল। মিন্টো রোডে বাড়ির সামনে মন্ত্রী পিছলে পড়ে যান। এতে তার বাম পায়ের হিপ জয়েন্টের (কোমরের দিকে পায়ের হাড়ের সংযোগ) হাড় ভেঙে গেছে। সঙ্গে সঙ্গেই সকাল ৮টার দিকে মন্ত্রী মহোদয়কে স্কয়ার হাসপাতালে নেয়া হয়। চিকিৎসকরা সার্জারি করার পরামর্শ দিয়েছেন। শিগগিরই সার্জারি করা হবে, বলেন মাইদুল।

গত ৩ জানুয়ারি মন্ত্রীসভার রদবদলের সময় রাশেদ খান মেননকে সমাজকল্যাণ মন্ত্রণালয়ে বদলি করা হয়। এর আগে তিনি বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.