Sylhet Today 24 PRINT

শপথ নিলেন খুলনার মেয়র ও কাউন্সিলররা

সিলেটটুডে ডেস্ক |  ০৫ জুলাই, ২০১৮

শপথ নিয়েছেন খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) নবনির্বাচিত মেয়র এবং কাউন্সিলররা।

বৃহস্পতিবার (৫ জুলাই) সকালে রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে তাদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়।

মেয়র তালুকদার আবদুল খালেককে শপথ বাক্য পাঠ করান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর ৪১ জন কাউন্সিলরকে শপথ বাক্য পাঠ করান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন।

খুলনা সিটি করপোরেশনের মোট ৪১ জন কাউন্সিলর আজ শপথ নিলেন। এর মধ্যে ৩১ জন সাধারণ ওয়ার্ড কাউন্সিলর ও ১০ জন সংরক্ষিত ওয়ার্ড কমিশনার।

শপথের পর প্রধানমন্ত্রী নতুন মেয়র ও কাউন্সিলদের অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে দলমত নির্বিশেষে জনগণের কল্যাণে কাজ করার আহ্বান জানান।

তিনি বলেন, ‘বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্র চর্চা হচ্ছে। এখানে (কাউন্সিলর) বিভিন্ন দলের প্রতিনিধি আছেন। আপনারা দলমত নির্বিশেষে খুলনার জনগণের জন্য কাজ করবেন। আমরা সুষম উন্নয়নে বিশ্বাস করি।’

উল্লেখ্য, গত ১৫ মে খুলনা সিটি করপোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হয়। এ নির্বাচনে আওয়ামী লীগের মনোনিত প্রার্থী তালুকদার আবদুল খালেক নৌকা প্রতীক নিয়ে এক লাখ ৭৪ হাজার ৮৫১ ভোট পেয়ে মেয়র নির্বাচিত হন। তার নিকটতম বিএনপির প্রার্থী নজরুল ইসলাম ধানের শীষ প্রতীক নিয়ে এক লাখ ৯ হাজার ২৫১ ভোট পান। বিএনপির প্রার্থী নজরুল ইসলাম মঞ্জুর চেয়ে তালুকদার খালেক ৬৭ হাজার ৯৪৬ ভোট বেশি পেয়ে জয়ী হন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.