Sylhet Today 24 PRINT

চিকিৎসকদের কর্মবিরতি বন্ধে হাইকোর্টে রিট

সিলেটটুডে ডেস্ক |  ১১ জুলাই, ২০১৮

চিকিৎসকদের কর্মবিরতি বন্ধের নির্দেশনা চেয়ে হাইকোর্টে একটি রিট দায়ের করা হয়েছে। সরকারি-বেসরকারি হাসপাতালের চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারীরা যেন যেকোনো পরিস্থিতিতেই কর্মবিরতিতে যেতে না পারেন, সেই নির্দেশনা চেয়ে এই রিট করা হয়েছে।

বুধবার (১১ জুলাই) সুপ্রিম কোর্টের আইনজীবী বশির আহমেদ হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ রিট দায়ের করেন।

রিটে স্বাস্থ্য সচিব ও স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালককে বিবাদী করা হয়েছে। এতে দেশের জেলা সদর হাসপাতালগুলোতে কমপক্ষে ৩০ শয্যা বিশিষ্ট আইসিইউ অথবা সিসিইউ ইউনিট বসানোর নির্দেশনাও চাওয়া হয়েছে।

রিটকারী আইনজীবী বশির আহমেদ বলেন, চিকিৎসা সেবার সঙ্গে মানুষের জীবন-মৃত্যুর সম্পর্ক। এ পেশায় যারা কাজ করেন তারা কিছু হলেই কর্মবিরতির ডাক দেন। সাধারণ মানুষকে এভাবে জিম্মি করে কর্মবিরতির ডাক দেওয়া বেআইনি। এ কারণে আদালতে রিট দায়ের করা হয়েছে। রিটে ডাক্তার, কর্মকর্তা ও কর্মচারীদের কর্মবিরতি ডাকা কেন বেআইনি ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারির আবেদনও করা হয়েছে।

বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি মো. খায়রুল আলমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে এই রিটের শুনানি হতে পারে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.