Sylhet Today 24 PRINT

কোটা সংস্কার আন্দোলনের নেতা ফারুকের জামিন নামঞ্জুর

সিলেটটুডে ডেস্ক |  ১৫ জুলাই, ২০১৮

সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত ‘বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের’ যুগ্ম-আহ্বায়ক ফারুক হোসেনের জামিন নামঞ্জুর করেছেন আদালত।

রোববার (১৫ জুলাই) জামিন আবেদনের উপর শুনানি শেষে অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কায়সারুল ইসলামের আদালত জামিন আবেদন নাকচ করে দেন।

আদালতের শাহবাগ থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা মাহমুদুল হাসান জামিন নামঞ্জুরের বিষয়টি সাংবাদিকদের জানান।

এর আগে দুদিনের রিমান্ড শেষ গতকাল শনিবার ফারুক হোসেনসহ তিনজনকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করে পুলিশ। এ সময় মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাদের কারাগারে আটক রাখার আবেদন করেন তদন্তকারী কর্মকর্তা।

উল্লেখ্য, গত ৮ এপ্রিল কোটা সংস্কার আন্দোলন চলাকালে দায়িত্বরত পুলিশকে মারধর, কর্তব্যে বাধা, পুলিশের ওয়াকিটকি ছিনতাই ও ভিসির বাড়ি ভাঙচুরের ঘটনার অভিযোগে শাহবাগ থানার ১০ এপ্রিল চারটি মামলা করা হয়। এর মধ্যে পুলিশ বাদী হয়ে তিনটি মামলা করে।

আর ভিসির বাড়ি ভাঙচুরের ঘটনায় বিশ্ববিদ্যালয়ের সিনিয়র সিকিউরিটি অফিসার এসএম কামরুল আহসান বাদী হয়ে আরও একটি মামলা করেন। তবে চার মামলায় আসামিদের নাম ও সংখ্যা উল্লেখ করা হয়নি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.