Sylhet Today 24 PRINT

কোটা পর্যালোচনা কমিটির সময় বাড়লো ৯০ দিন

সিলেটটুডে ডেস্ক |  ১৯ জুলাই, ২০১৮

সরকারি চাকরিতে নিয়োগের ক্ষেত্রে বিদ্যমান কোটা পদ্ধতি পর্যালোচনায় গঠিত কমিটির প্রতিবেদন দেওয়ার সময় ৯০ দিন বৃদ্ধি করেছে সরকার।

বৃহস্পতিবার (১৯ জুলাই) মন্ত্রীপরিষদ বিভাগ সচিবকে প্রধান করে গত ২ জুলাই গঠিত কমিটির মেয়াদ আরো ৯০ কার্যদিবস বৃদ্ধি করে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

সরকারি চাকরিতে কোটা প্রথা সংস্কারের দাবিতে আন্দোলন করে আসছেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আন্দোলন থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় ভিসির বাসভবনে হামলা-ভাঙচুরের ঘটনাও ঘটে।

প্রজাতন্ত্রের কর্মে নিয়োগের ক্ষেত্রে বিদ্যমান কোটা পদ্ধতি পর্যালোচনা/সংস্কার/বাতিলের লক্ষ্যে সাত সদস্যের ওই কমিটিকে ১৫ কার্যদিবসের মধ্যে সরকারের কাছে সুপারিশসহ প্রতিবেদন জমা দিতে বলা হয়। বৃহস্পতিবারই কমিটির ১৫ কার্যদিবসের মেয়াদ শেষ হয়েছে।

সময় বাড়িয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের আদেশে বলা হয়, গঠিত কমিটির মেয়াদ ১৫ কার্যদিবসের অতিরিক্ত ৯০ কার্যদিবস বর্ধিত করা হলো।   
 
মন্ত্রীপরিষদ বিভাগ সচিব ছাড়াও কমিটিতে জনপ্রশাসন, অর্থ, সরকারি কর্ম কমিশন সচিব, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়, আইন মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের সচিব, প্রধানমন্ত্রীর কার্যালয়ের ভারপ্রাপ্ত সচিবকে নিয়ে কমিটি গঠিত হয়েছিলো।

দীর্ঘদিন ধরে কোটা সংস্কারের দাবি জানিয়ে আসছে শিক্ষার্থীরা। এরই অংশ হিসেবে প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী এই কোটা পর্যালোচনায় কমিটি গঠন করা হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.