Sylhet Today 24 PRINT

শাহজালালে দুর্ঘটনার দুই ঘণ্টা পর সচল রানওয়ে

সিলেটটুডে ডেস্ক |  ২৪ জুলাই, ২০১৮

ব্যাংকক থেকে আসা থাই এয়ারওয়েজের একটি বিমান চাকা ফেটে দুর্ঘটনার কারণে ২ ঘণ্টা পর সচল হলো শাহজালাল বিমানবন্দরের রানওয়ে।

মঙ্গলবার (২৪ জুলাই) বেলা ২টা ৩৩ মিনিটের দিকে সচল করা হয় রানওয়ে।

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন আব্দুল্লাহ আল ফারুক বলেন, মঙ্গলবার দুপুর ১২টা ২১ মিনিটে থাই এয়ারওয়েজের উড়োজাহাজটির (টিজি-৩২১) দুর্ঘটনার পর ফ্লাইট ওঠা-নামা সাময়িক বন্ধ ঘোষণা করা হয়। রানওয়েতে দুর্ঘটনা কবলিত উড়োজাহাজটির বিভিন্ন যন্ত্রাংশ ছড়িয়ে ছিটিয়ে থাকায় উড়োজাহাজ ওঠা-নামা বন্ধ হয়ে যায়। প্রায় দুই ঘণ্টা পর ২টা ৩৩ মিনিটে সচল হয় রানওয়ে। এরপর বিমান ওঠা-নামা শুরু হয়।  

এর আগে সিভিল এভিয়েশন চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল এম নাইম হাসান বলেন, থাই এয়াওয়েজের উড়োজাহাজটি অবতরণের সময় ডান দিকের চাকা ফেটে যায়। তবে উড়োজাহাজটি নিরাপদে অবতরণ করতে সক্ষম হয় এবং এর যাত্রী ও ক্রুরা অক্ষত আছেন।

দুর্ঘটনার পর প্রত্যক্ষদর্শী বেসরকারি একটি বিমান সংস্থার কর্মকর্তা বলেন, ‘বিমানবন্দরে আমরা নিজেদের একটি ফ্লাইটের ইন্সপেকশন করছিলাম, তখন ঝুম বৃষ্টি হচ্ছিল। হঠাৎ দেখি উড়োজাহাজটি অস্বাভাবিকভাবে ল্যান্ড করলো। দেখে মনে হয়েছিল, হয়তো কোনো কারণে উড়োজাহাজটি জরুরি অবতরণ করেছে’।

দুর্ঘটনার পর যাত্রীদের নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে বলে জানিয়েছিলেন বিমানবন্দরের এক কর্মকর্তা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.