Sylhet Today 24 PRINT

প্রাথমিক ও ইবতেদায়ি সমাপনী পরীক্ষা শুরু ১৮ নভেম্বর

সিলেটটুডে ডেস্ক |  ২৫ জুলাই, ২০১৮

চলতি বছরের প্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষা শুরু হবে আগামী ১৮ নভেম্বর। শেষ হবে ২৬ নভেম্বর। বুধবার (২৫ জুলাই) সচিবালয়ে নিজ মন্ত্রণালয়ে প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান এ তথ্য জানান।

প্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষা ২০১৮ সংক্রান্ত জাতীয় স্টিয়ারিং কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা রবীন্দ্রনাথ রায় জানান, ১৮ নভেম্বর পরীক্ষা শুরু হয়ে চলবে ২৬ নভেম্বর পর্যন্ত।

তবে অন্যবার বেলা ১১টা থেকে এই পরীক্ষা শুরু হলেও এবার সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত পরীক্ষা হবে। পরীক্ষার সময় আগের মতো আড়াই ঘণ্টাই থাকছে বলে জানান তিনি।

ডিসেম্বরের শেষ দিকে সারা দেশে সব শিক্ষা প্রতিষ্ঠানে একযোগে প্রাথমিক ও ইবদেতায়ি সমাপনী পরীক্ষা নেয়া হলেও পরীক্ষা শুরুর সুনির্দিষ্ট কোনো তারিখ নির্ধারণ করা থাকে না।

রবীন্দ্রনাথ জানান, পরীক্ষায় বিশেষ চাহিদা সম্পন্ন পরীক্ষার্থীদের আগে অতিরিক্ত ২০ মিনিট সময় দেয়া হলেও এবার থেকে তাদের ৩০ মিনিট অতিরিক্ত সময় দেয়া হবে।

তিনি আরো জানান,  আগে পরীক্ষার্থীদের খাতা অন্য উপজেলায় মূল্যায়ন করা হতো। কিন্তু এবার থেকে প্রত্যেকটি খাতা নিজ উপজেলায় মূল্যায়ন হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.