Sylhet Today 24 PRINT

তিন সিটিতে ‘বেটার নির্বাচন’ হবে : এইচ টি ইমাম

সিলেটটুডে ডেস্ক |  ২৫ জুলাই, ২০১৮

গাজীপুর ও খুলনা সিটি নির্বাচন গুড হয়েছে। আসন্ন রাজশাহী, বরিশাল, সিলেট সিটি নির্বাচন বেটার নির্বাচন হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের নির্বাচনী কমিটির কো-চেয়ারম্যান এইচ টি ইমাম।

প্রধানমন্ত্রীর এই রাজনৈতিক উপদেষ্টা বলেন, আমাদের চেষ্টা থাকবে পর্যায়ক্রমে যেনো আরও ভালো হয়।

বুধবার (২৫ জুলাই) বিকেলে আগারগাঁও নির্বাচন ভবনে নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন ড. হাসান মাহমুদ, রশিদুল আলম, ড. আবদুস সোবহান গোলাপ ও এড এবিএম রিয়াজুল কবীর কাওছার।

এইচ টি ইমাম বলেন, নির্বাচন কমিশন সুষ্ঠুভাবে, সুন্দরভাবে নির্বাচন করছে। আমরা নির্বাচন কমিশনে এসেছিলাম সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন করার জন্য আমরা কীভাবে সহযোগিতা করতে পারি, তা জানতে।

তিনি বলেন, অনেক সময় বিশেষ করে একটি দল কমিশনের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয় এমন বক্তব্য দেয়। নির্বাচনকে ছোট করলে আমরা ছোট হই, জাতি ছোট হয়।

বিএনপির অভিযোগ, আপনি কমিশনকে সহযোগিতা নয়, নির্বাচনকে নিয়ন্ত্রণ করতে ইসিতে আসেন। সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা কাউকে ব্যক্তিগতভাবে আক্রমণ করি না। কারো চরিত্রও হরণ করি না। আমাদের সময় এই কমিশন দায়িত্ব নিয়েছে। তাই আমাদের অনেক দায়িত্ব রয়েছে কমিশনকে সহযোগিতা করার।

রাজশাহী সিটিতে নির্বাচনী প্রচারণায় খুলনা ও গাজীপুর সিটি মেয়র অংশ নিয়ে আচরণবিধি লঙ্ঘন করেনি, উল্লেখ করে এইচ টি ইমাম বলেন, গাজীপুর সিটি মেয়র এখনো শপথ নেননি এবং খুলনা সিটি মেয়র শপথ নিলেও দায়িত্বভার গ্রহণ করনেনি। কাজেই তারা আচরণবিধি লঙ্ঘন করেননি।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, তিন সিটি নির্বাচনে পুলিশ প্রশাসন হান্ড্রেড পারসেন্ট নিরপেক্ষ থাকবে।

বৈঠকে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদার সঙ্গে নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার, মো. রফিকুল ইসলাম, অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল শাহাদাত হোসেন চৌধুরী ও ইসি সচিব হেলালুদ্দীন আহমদ উপস্থিত ছিলেন।

অপরদিকে আওয়ামী লীগের পাঁচ সদস্যের প্রতিনিধিদলে ছিলেন এইচ টি ইমাম, রশিদুল আলম, ড. আবদুস সোবহান গোলাপ, ড. হাছান মাহমুদ ও অ্যাডভোকেট এ বি এম রিয়াজুল কবীর কাওছার।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.