Sylhet Today 24 PRINT

ঈদে ট্রেনের আগাম টিকিট ৮ আগস্ট থেকে

সিলেটটুডে ডেস্ক |  ২৬ জুলাই, ২০১৮

আসন্ন ঈদুল আযহা উপলক্ষে আগামী ৮ আগস্ট (বুধবার) থেকে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে। চলবে ১২ আগস্ট (রোববার) পর্যন্ত। আর বাড়ি থেকে কর্মস্থলগামীদের জন্য ফিরতি টিকিট বিক্রি শুরু হবে ১৫ আগস্ট (বুধবার), চলবে ১৯ আগস্ট (রোববার) পর্যন্ত।

বৃহস্পতিবার (২৬ জুলাই) রেল ভবনের সভাকক্ষে এ বিষয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে রেলমন্ত্রী মো. মুজিবুল হক এ তথ্য জানান।

সংবাদ সম্মেলনে জানানো হয়, প্রতিবারের মতো এবারো দশ দিন আগে থেকে শুরু হবে ট্রেনের আগাম টিকিট বিক্রি। ৯ আগস্ট বিক্রি হবে ১৮ আগস্টের টিকিট। এভাবে ১০, ১১ ও ১২ আগস্ট পর্যায়ক্রমে টিকিট মিলবে ১৯, ২০ এবং ২১ আগস্টের টিকিট। এই দিনগুলোতে ঢাকা ও চট্টগ্রাম স্টেশন থেকে বিশেষ ব্যবস্থাপনায় সকাল ৮ টা থেকে টিকিট বিক্রি শুরু হবে।

একইভাবে ১৫ আগস্ট থেকে শুরু হবে ঈদ ফেরত যাত্রীদের জন্য ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি। ঈদ ফেরত অগ্রিম টিকিট রাজশাহী, খুলনা, রংপুর, দিনাজপুর ও লালমনিরহাট স্টেশন থেকে বিশেষ ব্যবস্থাপনায় সকাল ৮টা থেকে টিকিট বিক্রি শুরু হবে। ফিরতি টিকিট ১৫ আগস্টে পাওয়া যাবে ২৪ আগস্টের টিকিট। একইভাবে ১৬, ১৭, ১৮ ও ১৯ আগস্ট যথাক্রমে পাওয়া যাবে ২৫, ২৬, ২৭, ২৮ আগস্টের টিকিট।

সংবাদ সম্মেলনে রেলওয়ে মহাপরিচালক আমজাদ হোসেনসহ রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিতি ছিলেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.