Sylhet Today 24 PRINT

বরিশালে নেতা-কর্মীদের হয়রানি বন্ধে হাই কোর্টের নির্দেশ

সিলেটটুডে ডেস্ক |  ২৬ জুলাই, ২০১৮

বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে কোনো রাজনৈতিক দলের নেতা, কর্মী, সমর্থক ও প্রচারকারীদের হয়রানি ও গ্রেপ্তার না করতে নির্দেশ দিয়েছেন হাই কোর্ট।

আগামী ৩০ জুলাই অনুষ্ঠেয় এই নির্বাচনে আপিল বিভাগের নির্দেশনা অমান্য করে কোনো রাজনৈতিক দলের নেতা, কর্মী, সমর্থক বা নির্বাচন প্রচারকারীদের গ্রেপ্তার ও হয়রানি না করতে এই নির্দেশ দেয়া হয়েছে।

এক রিট আবেদনের শুনানি শেষে বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি মো. আশরাফুল কামালের সমন্বয়ে গঠিত হাই কোর্ট বেঞ্চ বৃহস্পতিবার (২৬ জুলাই) এ নির্দেশ দেন।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি), বরিশালের পুলিশ কমিশনার ও জেলা প্রশাসকসহ (ডিসি) সংশ্লিষ্টদের প্রতি এই নির্দেশনা দিয়েছেন আদালত। আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী সগীর হোসেন।

আইনজীবী জানান, রিটের শুনানি নিয়ে অন্তর্বর্তী আদেশের পাশাপাশি আপিল বিভাগের নির্দেশনা অনুসরণ না করে রাজনৈতিক নেতা, কর্মী, সমর্থক ও নির্বাচন প্রচারকারীদের বৈষম্যমূলকভাবে গ্রেপ্তার ও হয়রানি কেন বেআইনি ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুলও জারি করেছেন হাই কোর্ট।

স্বরাষ্ট্রসচিব, পুলিশ মহাপরিদর্শক, বরিশালের জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ সংশ্লিষ্টদের রুলের জবাব দিতে বলা হয়েছে।

বরিশালে সিটি করপোরেশন নির্বাচন ঘিরে বিএনপি নেতাকর্মীদের গ্রেপ্তারের অভিযোগে বরিশালের বিএনপির মেয়র প্রার্থী মজিবর রহমান সরোয়ার বুধবার (২৫ জুলাই) রিট আবেদনটি দায়ের করেন। আজ ওই রিটের শুনানি হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.