Sylhet Today 24 PRINT

বাড্ডা ইউলুপ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

সিলেটটুডে ডেস্ক |  ২৮ জুলাই, ২০১৮

দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষ যান চলাচলের জন্য খুলে দেয়া হলো হাতিরঝিল সমন্বিত উন্নয়ন প্রকল্পের বাড্ডা নর্থ ইউলুপ।

শনিবার (২৮ জুলাই) বিকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনুষ্ঠানিকভাবে উদ্বোধনের পর এই ইউলুপ দিয়ে যান চলাচল শুরু হয়। উদ্বোধনের পর তিনি ইউলুপ পরিদর্শন করেন।

এসময় আরও উপস্থিত ছিলেন গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল, স্থানীয় সংসদ সদস্য রহমত উল্লাহ, সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ, প্রকল্প পরিচালক মেজর জেনারেল আবু সাইদ মোহাম্মদ মাসুদ।

স্থানীয়দের মতে, ইউলুপটি খুলে দেয়ায় রাজধানীর বনশ্রী, আফতাবনগর, শাহাজাদপুর, রামপুরা, ও বাড্ডা এলাকার যানজট অনেকাংশে কমে যাবে। হাতিরঝিল থেকে রামপুরা-বনশ্রী হয়ে মালিবাগের দিকে সহজেই  যাওয়া যাবে। এসব এলাকা থেকে হাতিরঝিল হয়ে কারওয়ান বাজারেও সহজে যাওয়া যাবে।

এর আগে, ২০১৬ সালের ২৫ জুন রামপুরা অংশের সাউথ ইউলুপটি চালুর পর যানজট নিরসনে বেশ সাফল্য পাওয়া গেছে।

উল্লেখ্য, ২০১৫ সালের জুনের দিকে শুরু হয় বাড্ডা ইউলুপের নির্মাণকাজ। রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের(রাজউক) এই প্রকল্প বাস্তবায়নে কাজ করে বাংলাদেশ সেনাবাহিনীর ১৭ ইঞ্জিনিয়ারিং শাখা। নির্মাণকাজের দায়িত্বে আছে স্পেকট্রা ইঞ্জিনিয়ার্স লিমিটেড।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.