Sylhet Today 24 PRINT

পাঠাওয়ের গাড়িতে ধর্ষণচেষ্টা, চালক গ্রেপ্তার

সিলেটটুডে ডেস্ক |  ২৯ জুলাই, ২০১৮

এক যাত্রীকে ধর্ষণের চেষ্টা ও শ্লীলতাহানির অভিযোগে মিজানুর রহমান (৩৩) নামে এক পাঠাও সার্ভিসের গাড়ি চালককে গ্রেপ্তার করেছে চট্টগ্রামের পাহাড়তলী থানা পুলিশ।

রোববার (২৯ জুলাই) সকালে বন্দর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত মিজানুর রহমান কুমিল্লা জেলার দাউদকান্দি বেপারিবাড়ি এলাকার মো. ইদ্রিস আলীর ছেলে। তিনি বর্তমানে চট্টগ্রাম নগরের বন্দর নিউমুরিং আবাসিক এলাকায় থাকেন।

পাহাড়তলী থানার উপ পরিদর্শক (এসআই) অর্ণব বড়ুয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, ভুক্তভোগী ওই তরুণী (২৫) চট্টগ্রামের একটি বেসরকারি মেডিকেল কলেজ থেকে এমবিবিএস শেষ করে ইন্টার্নশিপ করছেন।

তিনি বলেন, গেলো মঙ্গলবার তিনি মেডিকেল কলেজে যাওয়ার জন্য পাঠাও কল করেন। পরে পাঠাও চালক মিজানুর রহমান ওই তরুণী যাত্রীকে গন্তব্যে পৌঁছানোর জন্য গাড়িতে করে রওনা দেন বন্দরটিলা এলাকা থেকে। বৃষ্টি পড়ায় রাস্তায় জ্যামের অজুহাতে ওই চালক মেডিকেলের দিকে না নিয়ে পাহাড়তলী টোল রোডে নির্জন জায়গায় নিয়ে যান পেছনের আসনে ঢুকে অস্ত্রের ভয় দেখিয়ে ধর্ষণের চেষ্টা করেন।

তিনি আরও বলেন, ওই তরুণী একপর্যায়ে গাড়ি থেকে বের হতে সক্ষম হন। পরে ওই তরুণী চিৎকার করলে গাড়িতে থাকা মোবাইল ফোন ও ব্যাগ নিয়ে পালিয়ে যান মিজানুর রহমান।

এসআই আরও বলেন, এ ঘটনার পর ওই তরুণী আমাদের কাছে অভিযোগ করেন। প্রযুক্তির সহায়তায় রোববার ভোরে তাকে গ্রেপ্তার করা হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ [email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.