Sylhet Today 24 PRINT

রাজশাহীর দুই কেন্দ্রে বিএনপির এজেন্টকে ঢুকতে বাধার অভিযোগ

সিলেটটুডে ডেস্ক |  ৩০ জুলাই, ২০১৮

রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনে ২১নং ওয়ার্ডের সিরোইল সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ধানের শীষের ১৫ পোলিং এজেন্টের কাউকেই ঢুকতে দেওয়া হয়নি বলে অভিযোগ পাওয়া গেছে। এছাড়া বিল সিমলা এলাকায় ৩নং ওয়ার্ডের মহিলা ক্রীড়া কমপ্লেক্স কেন্দ্রে মেয়র পদে নৌকা প্রতীক ও কাউন্সিলর পদে একজন প্রার্থী ছাড়া আর কোনো প্রার্থীর পোলিং এজেন্টকে কেন্দ্রে ঢুকতে দেওয়া হয়নি বলে অভিযোগ উঠেছে।

সোমবার (৩০ জুলাই) সকাল ৮টা থেকে রাজশাহীতে ভোট গ্রহণ শুরু হয়।

ধানের শীষের প্রধান নির্বাচনী এজেন্ট তোফাজ্জল হোসেন খবর পেয়ে সকাল ৮টার দিকে সেখানে আসেন। তিনি জানান, সকাল সাড়ে ৭টার দিকে সকল এজেন্টরা কেন্দ্রে পৌঁছেছেন। কিন্তু তাঁদের ঢুকতে দেওয়া হয়নি। আমি এক ঘণ্টার বেশি সময় ধরে এখানে অপেক্ষা করছি এবং প্রিসাইডিং অফিসারের কাছে মিনতি করছি আমার এজেন্টদের ঢুকতে দেওয়া হোক। কিন্তু তিনি তাঁদের ঢুকতে দিচ্ছেন না।

সিরোইল সরকারি উচ্চ বিদ্যালয় নারী কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা হচ্ছেন বজেন্দ্রনাথ সরকার। পুরুষ কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা জাকির হোসেন মিয়া।

এ বিষয়ে জানতে চাইলে বজেন্দ্রনাথ সরকার বলেন, এজেন্টরা সময় মতো আসেননি। আমরা ৮টা পর্যন্ত যারা এসেছেন আমরা তাঁদের গ্রহণ করেছি। ৮টার পরে আসলে তো আমরা আর নিতে পারি না।’

ধানের শীষের প্রধান নির্বাচনী এজেন্ট তোফাজ্জল হোসেন পুলিশ কর্মকর্তা জানে আলম কেন্দ্রে মোবাইল নিয়ে ঢুকলে ভর্ৎসনা করেন। তখন তোফাজ্জল হোসেন বলেন আমি রিটার্নিং কর্মকর্তার সঙ্গে কথা বলেছিলাম। উনি বলেছেন যেকোনো সময় আসলে এজেন্ট নেওয়া যাবে কিন্তু এখন তিনি নিচ্ছেন না।

রাজশাহী সিটি নির্বাচনে মেয়র পদে বিএনপি মনোনীত প্রার্থী হচ্ছেন মোসাদ্দেক হোসেন বুলবুল। এ ছাড়া মেয়র পদে কাঁঠাল প্রতীক নিয়ে বাংলাদেশ জাতীয় পার্টির মো. হাবিবুর রহমান, হাতপাখা প্রতীক নিয়ে ইসলামী শাসন আন্দোলনের মো. শফিকুল ইসলাম ও হাতী প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী মো. মুরাদ মোর্শেদ প্রতিদ্বন্দ্বিতা করছেন।

রাজশাহীতে ৩০টি সাধারণ ওয়ার্ড ও ১০টি সংরক্ষিত ওয়ার্ডে কাউন্সিলর পদে ভোট গ্রহণ হচ্ছে। মোট ভোটার সংখ্যা ৩ লাখ ১৮ হাজার ১৩৮ জন। নগরীর ১৩৮টি কেন্দ্রে ভোট নেওয়া হচ্ছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.