Sylhet Today 24 PRINT

রাসিক নির্বাচন: ৭৫ হাজার ভোটের ব্যবধানে জয়ী হবার আশা লিটনের

সিলেটটুডে ডেস্ক |  ৩০ জুলাই, ২০১৮

রাজশাহী সিটি করপোরেশনের নির্বাচন সকাল ৮টা থেকে শুরু হয়েছে। ভোট প্রদান করেছেন রাসিক নির্বাচনের আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী এ এইচ এম খায়রুজ্জামান লিটন। ভোট দেয়ার পরে এক প্রতিক্রিয়ায় লিটন বলেন, ৭০ থেকে ৭৫ হাজার ভোটের ব্যবধানে জয়লাভ করব।

সোমবার সোয়া ৮টার দিকে রাজশাহী স্যাটেলাইন টাইন হাই স্কুলের একাডেমিক ভবনের দ্বিতীয় তলার ২নং বুথে তিনি তার ভোট প্রদান করেন।

লিটন বলেছেন, সকাল থেকে সুষ্ঠু পরিবেশে ভোটগ্রহণ শুরু হয়েছে। এই পরিবেশ বজায় থাকলে জয়ের ব্যাপারে তিনি আশাবাদী।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে লিটন বলেন, ভোট কেবল শুরু হয়েছে। বিএনপি যদি ভোট প্রত্যাখ্যান করে সেটা হবে অগণতান্ত্রিক। গণতন্ত্রের চর্চা হবে না।

তিনি বলেন, ভোটে জয়-পরাজয় আছে। যে কোনো ফলাফল মেনে নেয়ার মানসিকতা আমার আছে। এর আগে সকাল সোয়া ৮টায় লিটন ওই ভোটকেন্দ্রে প্রবেশ করেন। এসময় তার সহধর্মিণী শাহিন আক্তার রেনি উপস্থিত ছিলেন।

আওয়ামী লীগ মেয়র প্রার্থী লিটন ভোটকেন্দ্রে প্রবেশের আগে তার বাবার কবর জিয়ারত করে আসেন।

রাজশাহী সিটিতে মোট ভোটার ৩ লাখ ১৮ হাজার ১৩৮ জন। এর মধ্যে পুরুষ ১ লাখ ৫৬ হাজার ৮৫ জন ও নারী ১ লাখ ৬২ হাজার ৫৩জন। ভোট কেন্দ্র ১৩৮টি ও ভোট কক্ষ ১ হাজার ২৬টি। এই সিটিতে মেয়র প্রার্থী মোট ৫ জন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.