Sylhet Today 24 PRINT

বসিক মেয়র প্রার্থী মনীষাকে লাঞ্ছনার অভিযোগ

সিলেটটুডে ডেস্ক |  ৩০ জুলাই, ২০১৮

বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) সমর্থিত মেয়র প্রার্থী ডা. মনীষা চক্রবর্তীকে আওয়ামী লীগ মেয়র প্রার্থীর পোলিং এজেন্টরা শারীরিক লাঞ্ছনা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

সোমবার (৩০ জুলাই) সকাল পৌনে ১০টার দিকে অক্সফোর্ড মিশন হাইস্কুল কেন্দ্রে ভোট দিয়ে বিভিন্ন কেন্দ্র পরিদর্শনে যান ডা. মনীষা।

মনীষা সাংবাদিকদের বলেন, সোমবার সকাল পৌনে ১০টার দিকে বরিশাল নগরের অক্সফোর্ড মিশন স্কুল কেন্দ্রে ভোট দিয়ে বিভিন্ন কেন্দ্র পরিদর্শনে নামি। বরিশাল নগরের সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্র পরিদর্শনে গিয়েই দেখি মই মার্কার সিল মারা ব্যালট পেপার ছেঁড়া। এ বিষয়ে জানতে চাইলে আমার ওপর নৌকার ব্যাজ পরা পোলিং এজেন্টরা হামলা করেন।

তবে কেন্দ্রের প্রিজাইডিং অফিসার প্রভাস কুমার মণ্ডল বলেন, তার কেন্দ্রে হামলার কোনো ঘটনাই ঘটেনি। তিনি (মনীষা) দিব্যি কেন্দ্রে ঘুরে বেড়াচ্ছেন। তার অভিযোগ সম্পূর্ণ মিথ্যা।

রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, বরিশাল সিটি করপোরেশনের চতুর্থবারের এই নির্বাচনে ১২৩টি কেন্দ্রের ৭৫০টি কক্ষে ভোটগ্রহণ হচ্ছে। এরমধ্যে ৪টি ওয়ার্ডের ১১টি কেন্দ্রে ৭৮টি কক্ষে ইভিএম ব্যবহার করে ভোটগ্রহণ হচ্ছে।


টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.