Sylhet Today 24 PRINT

বাসচাপায় দুই শিক্ষার্থীর মৃত্যু, বিমানবন্দর ও মিরপুর সড়ক অবরোধ

সিলেটটুডে ডেস্ক |  ৩০ জুলাই, ২০১৮

রাজধানীতে বাসচাপায় শহীদ রমিজউদ্দীন ক্যান্টনমেন্ট কলেজের দুই শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় বিমানবন্দর সড়ক অবরোধ করেছেন কলেজের বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। ফলে সড়কের দুই পাশ দিয়ে বন্ধ রয়েছে যানচলাচল।

একই ঘটনার জেরে রাজধানীর সায়েন্স ল্যাবরেটরি মোড়ে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন সিটি কলেজ, আইডিয়াল কলেজ ও ঢাকা কলেজের শিক্ষার্থীরা। এতে ওই সড়কের দুই পাশেও যান চলাচল বন্ধ হয়ে পড়েছে।

সোমবার (৩০ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে রমিজউদ্দীন ক্যান্টনমেন্ট কলেজের শিক্ষার্থীরা বিমানবন্দর সড়ক অবরোধ করেন। তাঁদের সঙ্গে যোগ দিয়েছেন আশপাশের আরও কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।

আর সিটি কলেজ, আইডিয়াল কলেজ ও ঢাকা কলেজের শিক্ষার্থীরা বেলা সাড়ে ১১টার দিকে মিরপুর রোড অবরোধ করেন।

রাজধানীর ব্যস্ততম দুটি সড়ক শিক্ষার্থীরা অবরোধ করায় ব্যাপক যানজট সৃষ্টি হয়েছে। এই দুই সড়কের যানজট অন্যত্রও ছড়িয়ে পড়েছে।

বাসচাপায় প্রাণহানির ঘটনায় রোববার রাতে ক্যান্টনমেন্ট থানায় মামলা করছেন নিহত শিক্ষার্থী দিয়া খানম (মিম) এর বাবা জাহাঙ্গীর আলম। এ ঘটনায় এখন পর্যন্ত গ্রেপ্তার হননি বাসচালক।

প্রসঙ্গত, রোববার (২৯ জুলাই) দুপুরের দিকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সামনের বিমানবন্দর সড়কে বাসচাপায় দুই শিক্ষার্থী নিহত হন। নিহত দুই শিক্ষার্থী হলো শহীদ রমিজউদ্দীন ক্যান্টনমেন্ট কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র আবদুল করিম ওরফে রাজীব (১৭) এবং একই কলেজের একাদশ শ্রেণির ছাত্রী দিয়া খানম ওরফে মিম (১৬)।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.