সিলেটটুডে ডেস্ক | ৩০ জুলাই, ২০১৮
রাজধানীর বিমানবন্দর সড়কে বাসচাপায় শহীদ রমিজউদ্দীন ক্যান্টনমেন্ট কলেজের দুই শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় দুই বাসচালক ও দুই সহকারীকে গ্রেপ্তার করেছে র্যাব।
সোমবার (৩০ জুলাই) দুপুরের দিকে গণমাধ্যমে পাঠানো র্যাব-১ এর মুঠোফোনের খুদে বার্তায় এই তথ্য জানানো হয়।
গ্রেপ্তারকৃত দুই বাসচালকের নাম সোহাগ ও যুবায়ের। তাঁদের রাজধানীর মিরপুর থেকে আটক করা হয়। গ্রেপ্তার হওয়া বাসচালকের দুই সহকারীর নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানায়নি র্যাব।
বাসচাপায় প্রাণহানির ঘটনায় রোববার রাতে ক্যান্টনমেন্ট থানায় মামলা করছেন নিহত শিক্ষার্থী দিয়া খানম (মিম) এর বাবা জাহাঙ্গীর আলম।
প্রসঙ্গত, রোববার (২৯ জুলাই) দুপুরের দিকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সামনের বিমানবন্দর সড়কে বাসচাপায় দুই শিক্ষার্থী নিহত হন। নিহত দুই শিক্ষার্থী হলো শহীদ রমিজউদ্দীন ক্যান্টনমেন্ট কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র আবদুল করিম ওরফে রাজীব (১৭) এবং একই কলেজের একাদশ শ্রেণির ছাত্রী দিয়া খানম ওরফে মিম (১৬)।