নিজস্ব প্রতিবেদক | ০২ আগস্ট, ২০১৮
নিরাপদ সড়কের দাবিতে টানা পঞ্চম দিনের মতো বৃষ্টির মধ্যেই স্কুল কলেজের ইউনিফর্ম পরেই সড়কে অবস্থান নিয়েছে শিক্ষার্থীরা। তবে আজ সকাল থেকে থেমেথেমে বৃষ্টি হওয়ার কারণে আগের তিন দিনের তুলনায় বিক্ষোভে অংশ নেয়া শিক্ষার্থীদের সংখ্যা কিছুটা কম।
বৃহস্পতিবার (২ আগস্ট) সকাল সাড়ে নয়টা থেকে বৃষ্টি মাথায় নিয়ে বিক্ষোভে নেমে শিক্ষার্থীরা ঢাকার মিরপুর-১০ নম্বর, আসাদ গেটের পাশে মিরপুর রোড, উত্তরায় হাউজবিল্ডিং মোড়ে অবস্থান নিয়ে যান চলাচল বন্ধ করে দেয়।
এদিকে যান চলাচল বন্ধ থাকায় সড়কে গণপরিবহন সঙ্কটে চরম ভোগান্তিতে পড়ছেন অফিসগামী এবং জরুরি প্রয়োজনে বাইরে আসা মানুষ। অসংখ্য মানুষকে গাড়ির জন্য অপেক্ষা করতে দেখা গেছে।
গত ২৯ জুলাই জাবালে নূর পরিবহনের একটি বাসচাপায় শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের দুই শিক্ষার্থী নিহত হন। এর প্রতিবাদে শিক্ষার্থীরা আন্দোলনে নামে। বুধবার চতুর্থ দিনের মাথায় শিক্ষার্থীদের আন্দোলন ঢাকার পর চট্টগ্রাম, বরিশালসহ দেশের বিভিন্ন শহরে ছড়িয়ে পড়ে।
এদিকে সড়ক দুর্ঘটনায় দুই শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় উদ্ভূত পরিস্থিতিতে আজ সারা দেশের সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। গতকাল বুধবার রাতে মৌখিক নির্দেশনায় এই বন্ধের ঘোষণা দেন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মো. সোহরাব হোসাইন।
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা (মাউশি) অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক মো. মাহবুবুর রহমান গত রাতে বলেন, ‘সচিব মহোদয় আমাদের এক দিনের জন্য সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন। তাই বৃহস্পতিবার সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে।’