সিলেটটুডে ডেস্ক | ০২ আগস্ট, ২০১৮
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করেছেন বাসচাপায় নিহত শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের শিক্ষার্থী দিয়া আক্তার মীম ও আব্দুল করিমের পরিবার। এ সময় তিনি দুই পরিবারকে সমবেদনা ও ২০ লাখ টাকা করে পারিবারিক সঞ্চয়পত্রের অনুদান দেন।
বৃহস্পতিবার (২ আগস্ট) দুপুরে প্রধানমন্ত্রীর সঙ্গে নিহতের পরিবার দেখা করতে গেলে তিনি তাদের সমবেদনা জানান।
এর আগে বৃহস্পতিবার বেলা ১১টার দিকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের গাড়িতে করে দুই পরিবারের সদস্যদের নিয়ে আসা হয়।
প্রসঙ্গত, গত ২৯ জুলাই জাবালে নূর পরিবহনের একটি বাসচাপায় শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের দুই শিক্ষার্থী নিহত হন। এর প্রতিবাদে শিক্ষার্থীরা আন্দোলনে নামে। বুধবার চতুর্থ দিনের মাথায় শিক্ষার্থীদের আন্দোলন ঢাকার পর চট্টগ্রাম, বরিশালসহ দেশের বিভিন্ন শহরে ছড়িয়ে পড়ে।
এদিকে সড়ক দুর্ঘটনায় দুই শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় উদ্ভূত পরিস্থিতিতে আজ সারা দেশের সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। গতকাল বুধবার রাতে মৌখিক নির্দেশনায় এই বন্ধের ঘোষণা দেন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মো. সোহরাব হোসাইন।