Sylhet Today 24 PRINT

‘পদত্যাগের প্রশ্নই আসে না’

সিলেটটুডে ডেস্ক |  ০২ আগস্ট, ২০১৮

নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান বলেছেন, ‘ছাত্ররা আমার পদত্যাগ দাবি করেনি। বিএনপি আমার পদত্যাগ দাবি করেছে। কাজেই আমার পদত্যাগের প্রশ্নই আসে না। জনগণ যদি আমার পদত্যাগ দাবি করে এবং আমি পদত্যাগ করলে যদি সমস্যার সমাধান হয় , তাহলে আমি পদত্যাগ করতে রাজি আছি।’

বৃহস্পতিবার (২ আগস্ট) সচিবালয়ে সাংবাদিকদের এসব কথা বলেন শাজাহান খান।

নিরাপদ সড়কের দাবিতে চলমান আন্দোলনের প্রেক্ষাপটে সচিবালয়ে শ্রমিক নেতাদের সঙ্গে এক অনির্ধারিত বৈঠকে বসেন শাজাহান খান। বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হন মন্ত্রী।

এসময় তিনি বলেন, ‘ছাত্ররা ৬ দফা ও ৯ দফার দাবিতে আন্দোলন করছে। তাদের মূল দাবি হচ্ছে নিরাপদ সড়ক নিশ্চিত করা। আমরা এ লক্ষ্যে কাজ করছি।’

শাজাহান খান বলেন, ‘আমার পদত্যাগ দাবি করছে বিএনপি। তারা (বিএনপি) তো আমাদের সব মন্ত্রীরই এমনকি সরকারেরই পদত্যাগ দাবি করছে। বিএনপির দাবির মুখে আমি পদত্যাগ করতে পারি না।’

প্রসঙ্গত, গত ২৯ জুলাই দুপুর সাড়ে ১২টার দিকে কুর্মিটোলায় বিমানবন্দর সড়কে বাসের চাপায় দুই কলেজ শিক্ষার্থী নিহত হয়। এরই জের ধরে নিরাপদ সড়কের দাবিতে সারাদেশে আন্দোলন চালিয়ে যাচ্ছে শিক্ষার্থীরা। নৌমন্ত্রী শাজাহান খান পরিবহন মালিক শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় নির্বাহী সভাপতি। দুর্ঘটনার পর সচিবালয়ে এক অনুষ্ঠানে এ বিষয়ে প্রশ্ন করা হলে মন্ত্রী শাজাহান খান হেসে এর জবাব দেন। তাঁর হাস্যোজ্জল ছবি গণমাধ্যমে প্রকাশ হওয়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে তা ভাইরাল হয়ে যায়। সর্বত্র সমালোচনার ঝড় উঠে। পরে অবশ্য এর জন্য ক্ষমাপ্রার্থনা করেন তিনি।



টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.