Sylhet Today 24 PRINT

আজও সড়কে শিক্ষার্থীরা

সিলেটটুডে ডেস্ক |  ০৩ আগস্ট, ২০১৮

বাসচাপায় দুই শিক্ষার্থী নিহতের প্রতিবাদ ও নিরাপদ সড়কের দাবিতে টানা পাঁচদিনের মতো সড়কে অবস্থান নিয়েছে শিক্ষার্থীরা।

শুক্রবার বেলা ১১টার দিকে রাজধানীর আসাদ গেট, ধানমন্ডি ২৭ নম্বর ও এর আশপাশের এলাকায় অবস্থান নেয় তারা।

এসময় শিক্ষার্থীদের বিভিন্ন  ধরনের প্লাকার্ড নিয়ে সড়কে মাইক দিয়ে বিভিন্ন স্লোগান দিতে দেখা গেছে। লাইন ধরে যানবাহন চলাচলের জন্য আহ্বান জানাচ্ছে তারা।

ছুটির দিনে স্বাভাবিকভাবেই নগরীতে মানুষের চাপ কম। এর মধ্যেও গণপরিবহন সংকটে পড়তে হচ্ছে তাদের।

গত কয়েকদিন ধরে শিক্ষার্থীদের আন্দোলনের ফলে রাস্তায় বাস চলছে না বললই চলে; শুক্রবারও সে চিত্রই দেখা গেছে। ঢাকার বাইরেও ছেড়ে যাচ্ছে না কোনও বাস। ঢাকায়ও আসছে না বাস।

এদিকে নিরাপত্তার দাবিতে শুক্রবার সকাল থেকেই রাজধানীর বিভিন্ন স্থানে অবস্থান নিয়ে প্রতিবাদ করছেন পরিবহন শ্রমিকরা। তাদের দাবি, তারা ঠিকমতো গাড়ি চালাতে পারছেন না। তাদের ওপর হামলা চালানো হচ্ছে।

গত ২৯ জুলাই রোববার রাজধানীর কুর্মিটোলায় বিমানবন্দর সড়কে রাস্তায় দাঁড়িয়ে থাকা শিক্ষার্থীদের ওপর উঠে পড়ে জাবালে নূর পরিবহনের একটি বাস।

এতে ঘটনাস্থলেই নিহত হয় শহীদ রমিজউদ্দীন ক্যান্টনমেন্ট কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র আবদুল করিম ওরফে রাজীব (১৭) এবং একই কলেজের একাদশ শ্রেণির ছাত্রী দিয়া খানম (১৬)।

বুধবার গ্রেফতার করা হয়েছে জাবালে নূর পরিবহনের দুর্ঘটনা ঘটানো বাসের মালিক শাহাদৎ হোসেন ও চালক মাসুম বিল্লাহ। বাতিল করা হয়েছে জাবালে নূর পরিবহনের রুট পারমিট ও নিবন্ধন।

রাস্তায় বাসচাপায় শিক্ষার্থী হত্যার প্রতিবাদে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা রোববার থেকেই রাজধানীর গুরুত্বপূর্ণ কয়েকটি সড়কে অবস্থান নিয়ে আন্দোলন করছে। আন্দোলনের সময় চালকের ড্রাইভিং লাইসেন্স পরীক্ষা করছে শিক্ষার্থীরা। এর মধ্যে বেশ কিছু যানবাহনের ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনাও ঘটেছে। শিক্ষার্থীদের আন্দোলন চলছে ঢাকার বাইরেও।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.