Sylhet Today 24 PRINT

ঢাকায় এবার বাসের ধাক্কায় বাইক আরোহী নিহত

সিলেটটুডে ডেস্ক  |  ০৩ আগস্ট, ২০১৮

নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনের মধ্যেই ঢাকার মগবাজারে বাসের ধাক্কায় মোটর সাইকেল আরোহী এক যুবক নিহত হয়েছেন।

শিক্ষার্থীদের আন্দোলন এবং মালিকদের গাড়ি না নামানোর মধ্যে শুক্রবার ঢাকার সড়কে গণপরিবহণ চলাচল খুব কম।  এর মধ্যে দুপুরে মগবাজারের ঘটনাটি ঘটে।

ঘটনার পর উত্তেজিত জনতা বাসে আগুন ধরিয়ে দেয়।

নিহতের নাম সাইফুল ইসলাম (৩০) বলে পুলিশ জানিয়েছে। তিনি মগবাজারের কমিউনিটি বেজড মেডিকেল কলেজ হাসপাতালের নার্স ছিলেন।

ডিএমপির রমনা বিভাগের উপ-কমিশনার মো. মারুফ হোসেন সরদার বলেন, “গোল্ডেন প্লাস নামে একটি বাস একটি মোটরসাইকেলকে ধাক্কা দিলে ওই যুবক আহত হন। তখন আশপাশের জনতা এসে চালককে মারধর করে এবং বাসটিতে আগুন ধরিয়ে দেয়।”

ঢাকা মেডিকেল কলেজ ফাঁড়ির এসআই বাচ্চু মিয়া বলেন, সাইফুলকে হাসপাতালে আনলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সাইফুলের খালা রোখসানা বেগম হাসপাতালে সাংবাদিকদের জানান, সাইফুলের বাড়ি পিরোজপুরে, ঢাকায় থাকতেন উত্তর গোড়ানে। দুই বোন এক ভাইয়ের মধ্যে তিনি সবার বড়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.