Sylhet Today 24 PRINT

চকলেট খাইয়ে আন্দোলনে সংহতি জানালো ছাত্রলীগ

সিলেটটুডে ডেস্ক |  ০৪ আগস্ট, ২০১৮

রাজধানীতে বাসচাপায় শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের দুই শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যুর পর নিরাপদ সড়কের দাবিতে গড়ে ওঠা শিক্ষার্থীদের আন্দোলনে সংহতি প্রকাশ করেছে ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখা।

আন্দোলনের সপ্তম দিনে শনিবার দুপুরে শাহবাগে চকলেট খাইয়ে শিক্ষার্থীদের আন্দোলনে সংহতি প্রকাশ করে ছাত্রলীগের নেতা-কর্মীরা। তারা শিক্ষার্থীদের চকলেট খাওয়ানোর পর আন্দোলনরত শিক্ষার্থীরা ছাত্রলীগের নেতাদের চিপস খাওয়ান।

এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি সঞ্জিত চন্দ্র দাস ও সাধারণ সম্পাদক সাদ্দাম হোসাইনসহ নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

ছাত্রলীগ নেতারা অবিলম্বে প্রধানমন্ত্রীর দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন হবে বলে শিক্ষার্থীদের আশ্বস্ত করেন। এ সময় শিক্ষার্থীরা তাদের দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত মাঠে থাকার ঘোষণা দেন।

ঢাবি ছাত্রলীগ সভাপতি সঞ্জীব চন্দ্র দাস এ সময় গণমাধ্যমকে বলেন, ‘আমরা এসেছি এ জন্য যে, তারা যেন মিস গাইড না হয় তা দেখতে। তাদের সাথে আমরাও অবস্থান নিব যাতে তাদের ওপর কোনো হামলা না হয়।’

সেক্রেটারি সাদ্দাম হোসেন বলেন, ‘ছোটরা আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে কীভাবে আন্দোলন করতে হয়, কীভাবে শৃঙ্খলা ফেরাতে হয়।’

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.