Sylhet Today 24 PRINT

ঈদে বাসের অগ্রিম টিকেট বিক্রি ৭ আগস্ট থেকে

সিলেটটুডে ডেস্ক |  ০৬ আগস্ট, ২০১৮

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দূরপাল্লার বাসের অগ্রিম টিকিট ৭ আগস্ট মঙ্গলবার সকাল থেকে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাস ওনার্স অ্যাসোসিয়েশন।

সোমবার (৬ আগস্ট) এ সিদ্ধান্ত নেওয়া হয়।

এর আগে রোববার বাসের অগ্রিম টিকিট দেওয়ার দিন ধার্য ছিল। কিন্তু দূরপাল্লার বাস বন্ধ থাকায় টিকিট দেওয়ার সিদ্ধান্ত স্থগিত করা হয়।

এ বিষয়ে বাংলাদেশ বাস ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি ফারুক তালুকদার জানান, 'রোববার বাসের টিকিট দেওয়ার দিন ঠিক করা ছিল। কিছু কিছু পরিবহন বাসের টিকিট দেওয়া শুরুও করেছিল। কিন্তু দেশের উদ্ভূত পরিস্থিতির কারণে দূরপাল্লার বাস বন্ধ থাকায় ওই দিন বাসের টিকিট দেওয়া স্থগিত করা হয়। আগামীকাল মঙ্গলবার থেকে বাসের অগ্রিম টিকিট দেওয়া শুরু হবে।

হানিফ পরিবহনের মহাব্যবস্থাপক মোশারফ হোসেন বলেন, আগামীকাল (মঙ্গলবার) সকাল ৬টা থেকে বাস কাউন্টারের সামনে থেকে ঈদে দূরপাল্লার বাসের অগ্রিম টিকিট দেওয়া হবে।

বাংলাদেশ বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের ভাইস প্রেসিডেন্ট ও শ্যামলী পরিবহনের ব্যবস্থাপনা পরিচালক রমেশ চন্দ্র ঘোষ জানান, মঙ্গলবার ১৬ আগস্ট থেকে ২১ আগস্টের অগ্রিম টিকিট দেওয়া হবে। ফিরতি অগ্রিম টিকিট কবে দেওয়া হবে তা পরে জানানো হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.