Sylhet Today 24 PRINT

৫৭ ধারায় গ্রেপ্তার আলোকচিত্রী শহিদুল, রিমান্ডের আবেদন

সিলেটটুডে ডেস্ক |  ০৬ আগস্ট, ২০১৮

আলোকচিত্রী শহিদুল আলমকে তথ্যপ্রযুক্তি আইনের ৫৭ ধারার মামলায় গ্রেপ্তার দেখিয়ে দশ দিনের রিমান্ডের আবেদন করেছে পুলিশ।

সোমবার (৭ আগস্ট) বিকালে ঢাকার হাকিম আদালতে হাজির করে তাঁকে গোয়েন্দা পরিদর্শক আরমান আলী রিমান্ডের এই আবেদন করেন।

এর আগে রোববার (৫ আগস্ট) রাতে ধানমন্ডির বাসা থেকে শহিদুলকে অপহরণ করা হয় বলে অভিযোগ করেন তাঁর স্ত্রী রেহনুমা আহমেদ।

রেহনুমা বলেন, গতকাল (রোববার) ধানমন্ডির ৯/এ সড়কের বাসার চতুর্থ তলা থেকে শহিদুলকে ধরে নিয়ে গেছেন ডিবি পরিচয় দেওয়া একদল লোক।

ঢাকা মহানগর পুলিশের উপকমিশনার (জনসংযোগ ও গণমাধ্যম) মাসুদুর রহমান জানান, রমনা থানায় দায়ের করা মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের আবেদন জানিয়ে তাঁকে আদালতে হাজির করানো হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) উত্তর বিভাগের পরিদর্শক মেহেদী হাসান বাদী হয়ে শহিদুল আলমের বিরুদ্ধে তথ্যপ্রযুক্তি আইনে মামলাটি করেন। মামলায় তাঁর বিরুদ্ধে ফেসবুক ও ইলেকট্রনিক মিডিয়ায় সরকারের বিরুদ্ধে অপপ্রচার ও চলমান আন্দোলন নিয়ে মিথ্যা তথ্য দিয়ে জনগণকে বিভ্রান্ত করার অভিযোগ আনা হয়েছে।

শহিদুলের স্ত্রী রেহনুমা বলেন, তাঁরা ধানমন্ডি থানায় অভিযোগ জানিয়েছেন। পুলিশ এসে ঘটনাস্থল দেখে গেছে। চলমান ছাত্র বিক্ষোভ নিয়ে শহিদুল সম্প্রতি একটি আন্তর্জাতিক গণমাধ্যমকে সাক্ষাৎকার দেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.