Sylhet Today 24 PRINT

তারেককে ফেরত পাঠাতে যুক্তরাজ্যকে বাংলাদেশের চিঠি

নিউজ ডেস্ক |  ১৭ জানুয়ারী, ২০১৫


পলাতক বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে দেশে ফেরত পাঠাতে উদ্যোগি হয়েছে সরকার। এজন্যে যুক্তরাজ্যকে চিঠিও দিয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম শুক্রবার (১৬ জানুয়ারি) সংবাদমাধ্যমকে জানিয়েছেন- গত বুধবার (১৪ জানুয়ারি) তারা এ বিষয়ে যুক্তরাজ্যের পররাষ্ট্র দপ্তরে চিঠি দেন এবং তারেকের মামলার বিষয়ে দেশটিকে অবহিত করেন। 

তিনি আরও জানান- আদালতের নির্দেশনা অনুযায়ী বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের সর্বশেষ অবস্থান জানাতে লন্ডনে বাংলাদেশ হাই কমিশনেও চিঠি পাঠানো হয়েছে।  
১/১১ পরবর্তি সেনা নিয়ন্ত্রিত তত্ত্বাবধায়ক সরকারের শেষ দিকে কারাগার থেকে প্যারোলে মুক্তি নিয়ে চিকিৎসার জন্য যুক্তরাজ্যে যাওয়ার পর তিনি আর ফেরেননি। তারেক ২১ অগাস্ট গ্রেনেড মামলাসহ দুর্নীতির কয়েকটি অভিযোগ মাথায় নিয়ে গত ছয় বছর ধরে লন্ডনে অবস্থান করছেন।

সাম্প্রতিক সময়ে লন্ডনে কয়েকটি সভায় বাংলাদেশের ইতিহাসের নিজস্ব ব্যাখ্যা দাঁড় করিয়ে তিনি বিতর্কিত হন। এসব বক্তব্যের জন্য দেশব্যাপি সমালোচনার ঝড় ওঠে। একই সঙ্গে তাঁর বিরুদ্ধে কয়েক ডজন মামলায়  গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়।

এরপর একটি রিট আবেদনে হাই কোর্টের একটি বেঞ্চ গত ৭ জানুয়ারি ‘পলাতক অবস্থায়’ তারেকের বক্তব্য-বিবৃতি সংবাদ মাধ্যম, সামাজিক যোগাযোগের মাধ্যম বা অন্য কোনো মাধ্যমে প্রচার বা প্রকাশের ওপর নিষেধাজ্ঞা দেয়।

সেইসঙ্গে তারেক রহমানের বিদেশে অবস্থানের বর্তমান অবস্থা জানাতে পররাষ্ট্র সচিবকে নির্দেশ দেওয়া হয়। তারেকের পাসপোর্টের মেয়াদ জানিয়ে একটি প্রতিবেদন দিতে বলা হয় পুলিশ মহাপরিদর্শককে।
এই প্রেক্ষাপটেই পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলী স্বাক্ষরিত ওই চিঠি বুধবার যুক্তরাজ্যের পররাষ্ট্র মন্ত্রাণলয়ে পাঠানো হয় বলে প্রতিমন্ত্রী জানান।


টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.