Sylhet Today 24 PRINT

সংঘর্ষের পর ঢাকার ৩ বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা

সিলেটটুডে ডেস্ক |  ০৬ আগস্ট, ২০১৮

নিরাপদ সড়ক নিশ্চিত নয় দফা দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে পুলিশ ও বহিরাগতদের সংঘর্ষের ঘটনায় রাজধানীর ইস্ট ওয়েস্ট, নর্থ সাউথ ও ব্র্যাক বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

সোমবার (৬ আগস্ট) দিনভর সংঘর্ষের পর সন্ধ্যায় আফতাবনগর এলাকার ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মাসফিকুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গল ও বুধবার (৭ ও ৮ অগাস্ট) বিশ্ববিদ্যালয়ের সব ধরনের কার্যক্রম বন্ধ থাকবে।

পাশাপাশি ৯ থেকে ১১ অগাস্ট বিশ্ববিদ্যালয়ের সামার সেমিস্টারের ফাইনাল পরীক্ষা বন্ধ রাখার ঘোষণা দিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার থেকে বিশ্ববিদ্যালয় স্বাভাবিক কার্যক্রমে ফিরে যাবে।

এদিকে মহাখালীর ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ফয়জুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে এক দিনের ছুটি ঘোষণা করে সন্ধ্যায় এক বিজ্ঞপ্তিতে বলেন, মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের সব ধরনের কার্যক্রম বন্ধ থাকবে। শিক্ষার্থীদের আসন্ন পরীক্ষায় বর্ধিত ছুটি হিসেবে এই ছুটি কার্যকর হবে।

আগামী বুধবার থেকে বিশ্ববিদ্যালয়ের সামার সেমিস্টারের ফাইনাল পরীক্ষা শুরু হওয়ার কথা জানিয়ে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের একজন কর্মকর্তা বলেন, “শিক্ষার্থীদের নিরাপত্তার জন্যই এ ছুটি দেওয়া হয়েছে।”

বসুন্ধরা এলাকার নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সামনে দুপুর থেকে বিকাল পর্যন্ত সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার পর প্রক্টর নাজমুল আহসান খানও শিক্ষার্থীদের সামনে এসে ক্যাম্পাস বন্ধের ঘোষণা দেন।

তিনি বলেন, “আজকে এখানে যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে, আমরা (শিক্ষকরা) অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছি তোমাদের নিরাপত্তা দেওয়ার জন্য। আমাদের সাথে পুলিশের সমঝোতা হয়েছে, তারা তোমাদের নিরাপদে ছেড়ে দেবে।”

তিনি বলেন, “বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে, কবে খোলা হবে তা ইউনিভার্সিটির ওয়েবসাইট এবং তোমাদের মেইলে জানিয়ে দেওয়া হবে।”

তবে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা বেলাল আহমেদ রাত সাড়ে ৮টায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম বলেন, “ছাত্র-ছাত্রীদের শান্ত করার জন্য প্রক্টর স্যার বন্ধের কথা বলেছিলেন। এখন পর্যন্ত ইউনিভার্সিটি বন্ধের কোনো সিদ্ধান্ত বা নোটিস দেওয়া হয়নি।”

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ [email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.