সিলেটটুডে ডেস্ক | ০৯ আগস্ট, ২০১৮
চাঁদপুর জেলার শাহরাস্তি উপজেলার সীমান্তবর্তী এলাকা চিকুনিয়ায় পুলিশের সঙ্গে কথিত ‘বন্দুকযুদ্ধে’ অজ্ঞাত এক যুবক (৩০) নিহত হয়েছেন।
বুধবার (৮ আগস্ট) দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার শিকুটিয়া শোরশাক পাকা রাস্তার ঢালে এ ঘটনা ঘটে। পুলিশের দাবি, নিহত ব্যক্তি মাদক ব্যবসায়ী।
শাহরাস্তি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, গতকাল বুধবার রাত দেড়টার শিকুটিয়া শোরশাক পাকা রাস্তার ঢাল দিয়ে মাদক ব্যবসায়ীরা মাদকের চালান নিয়ে যাচ্ছে এমন সংবাদের ভিত্তিতে পুলিশ ওই এলাকায় অভিযান চালায়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়। পুলিশও পাল্টা গুলি চালায়। এ সময় একজন নিহত হন।
ওসি আরও জানান, ঘটনাস্থল থেকে একটি পাইপগান, ছয়টি কার্তুজ ও ৮৩টি ইয়াবা উদ্ধার করা হয়েছে। এ সময় আহত হয়েছেন তিন পুলিশ সদস্য। আহত পুলিশ সদস্যরা শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। তবে এখন পর্যন্ত তার পরিচয় জানা যায়নি।