Sylhet Today 24 PRINT

ফখরুলের জামিন বিষয়ে আদেশ ৮ জুলাই

নিউজ ডেস্ক |  ০৫ জুলাই, ২০১৫

রাজধানীর পল্টন থানায় দায়ের করা নাশকতার তিন মামলায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের করা আবেদনের বিষয়ে আগামী বুধবার (৮ জুলাই) আদেশ দেবেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

রোববার (০৫ জুলাই) সকালে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে চার সদস্যের পূর্ণাঙ্গ আপিল বেঞ্চ এ দিন ধার্য করেন।

একই সঙ্গে বুধবারের মধ্যে ফখরুলের অসুস্থতার কাগজপত্র আদালতে জমা দিতে বঙ্গবন্ধু শেখ মুজিব বিশ্ববিদ্যালয় হাসপাতাল কর্তৃপক্ষকে আদেশ দেওয়া হয়।
 
এর আগে গত বৃহস্পতিবার (০২ জুলাই) শুনানি শেষে ফখরুলের জামিন বিষয়ে আদেশের জন্য রোববার দিন ধার্য করেন আপিল বিভাগ।

গত ২১ জুন এ তিন মামলায় ফখরুলকে জামিন দেন বিচারপতি মো. রেজা-উল হক ও বিচারপতি মো. খসরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চ। গত ২৯ জুন জামিন স্থগিত চেয়ে আবেদনটি করেন রাষ্ট্রপক্ষ।  পরে সেটি পূর্ণাঙ্গ বেঞ্চে পাঠিয়ে দেন চেম্বার বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর আদালত।

নাশকতার কাজে উস্কানি, প্ররোচনা ও পরিকল্পনা অনুযায়ী পল্টন এলাকায় হরতালের মধ্যে গাড়ি ভাঙচুরের ঘটনায় গত ৪ ও ৬ জানুয়ারি এসব মামলা দায়ের করে পল্টন থানা পুলিশ। গত ৬ জানুয়ারি জাতীয় প্রেসক্লাব থেকে মির্জা ফখরুলকে গ্রেফতার করে পুলিশ। বর্তমানে তিনি আদালতের নির্দেশে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের প্রিজন সেলে কারাবন্দি অবস্থায় চিকিৎসাধীন।

এদিকে পল্টন থানার দু’টি ও মতিঝিল থানার একটিসহ নাশকতার অপর তিন মামলায় মির্জা ফখরুলকে দেওয়া হাইকোর্টের জামিন গত ২৮ জুন বহাল রেখেছেন আপিল বিভাগ। এর ফলে সবগুলো মামলায়ই জামিন পেলেও পল্টন থানার তিন মামলায় জামিন স্থগিতে রাষ্ট্রপক্ষ আবেদন করায় তার মুক্তি আটকে যায় বলে জানান আইনজীবীরা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.