Sylhet Today 24 PRINT

রাজধানীতে যুবলীগের তিন নেতাকর্মী গুলিবিদ্ধ

সিলেটটুডে ডেস্ক |  ১১ আগস্ট, ২০১৮

রাজধানীর ওয়ারীতে দুর্বৃত্তদের গুলিতে যুবলীগের তিন নেতাকর্মী আহত হয়েছেন। শনিবার (১১ আগস্ট) রাত পৌনে ৯টার দিকে এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ তিনজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।

আহতরা হলেন ঢাকা মহানগর দক্ষিণের ৪১ নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক মো. জুয়েল (৩২), একই ওয়ার্ডের ৩ নম্বর ইউনিট যুবলীগের সভাপতি মো. রবিন (৩০) ও যুবলীগ কর্মী মো. কাজল (৩৭)। এঁদের মধ্যে জুয়েলের বাঁ পায়ে গুলি লেগেছে। রবিনের ডান পা ও যুবলীগ কর্মী কাজলের বাঁ উরু গুলিবিদ্ধ হয়েছে। আহত অবস্থায় বন্ধুরা তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।

আহত রবিন বলেন, ‘রাত পৌনে ৯টার দিকে ওয়ারীর দক্ষিণ মুসনদি গোস্তের দোকানে বসে কয়েকজন মিলে কথাবার্তা বলছিলাম। হঠাৎ  মুখোশধারী এক যুবক এসে কোনো কিছু বুঝে উঠার আগেই গুলি চালায়।’

তিনি আরো বলেন, সন্ত্রাসীরা পাঁচজন ছিল। বাকিরা ফাঁকা গুলি করতে করতে চলে যায়। তবে কী কারণে কারা গুলি চালিয়েছে, সে ব্যাপারে কিছুই বলতে পারেননি রবিন।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির দায়িত্বরত উপ পরিদর্শক (এসআই) মো. বাচ্চু মিয়া। তিনি বলেন, তিনজন গুলিবিদ্ধ ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন রয়েছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.