Sylhet Today 24 PRINT

ঈদের পর পেঁয়াজের দাম কমবে, আশাবাদী মন্ত্রী

সিলেটটুডে ডেস্ক |  ১২ আগস্ট, ২০১৮

ফাইল ছবি

ঈদের পর পেঁয়াজের দাম কমে যাবে বলে আশা প্রকাশ করছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।

রোববার (১২ আগস্ট) দুপুরে সচিবালয়ে বাজারে পেঁয়াজের দাম বাড়ার কারণ জানতে চাইলে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

তিনি বলেন, ভারতে অতিবৃষ্টির কারণে অনেক পেঁয়াজ নষ্ট হয়ে গেছে। বাজারে তার একটা প্রভাব এবং ঈদের একটা প্রভাব পড়েছে। আশা করছি ঈদের পর পেঁয়াজের দাম কমে যাবে।

নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনের সময় সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে বিষয়ে জানতে চাইলে বাণিজ্যমন্ত্রী বলেন, সাংবাদিকদের ওপর হামলার ঘটনা অত্যন্ত দুঃখজনক ও ন্যক্কারজনক ঘটনা। এই ঘটনা যারাই ঘটিয়েছে, সরকার তাদের খুঁজে বের করতে কার্পণ্য করবে না।’

তিনি সাংবাদিকদের উদ্দেশে প্রশ্ন রেখে বলেন, ‘নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনের সময় জিগাতলার মোড়ে মুখোশ পরা যারা হামলায় অংশ নিয়েছিল, এরা কারা। এদেরও খুঁজে বের করতে হবে।’

নির্বাচনকালীন সরকারে কারা থাকবে জানতে চাইলে তোফায়েল আহমেদ বলেন, জাতীয় সংসদে নির্বাচিত প্রতিনিধিদের নিয়েই নির্বাচনকালীন সরকার গঠিত হবে। সেখানে বিএনপির থাকার কোনও সুযোগ নাই। কারণ, বর্তমান সংসদে বিএনপির কোনও প্রতিনিধিত্ব নাই।

বিএনপির সঙ্গে সংলাপের বিষয়ে জানতে চাইলে বাণিজ্যমন্ত্রী বলেন, বিএনপির সঙ্গে সংলাপ হবে না। প্রয়োজনও নাই।

এর আগে সচিবালয়ে বাণিজ্যমন্ত্রীর দপ্তরে ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ঝ্যাং জু'র সাথে সাক্ষাৎ করেন তিনি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.