Sylhet Today 24 PRINT

১৫ আগস্ট নিয়ে কটূক্তির মামলায় ঢাবি শিক্ষার্থী রিমান্ডে

সিলেটটুডে ডেস্ক |  ১২ আগস্ট, ২০১৮

সোশ্যাল মিডিয়া ফেসবুকে বর্তমান সরকার ও ১৫ আগস্ট নিয়ে কটূক্তির অভিযোগে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের মামলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের দ্বিতীয় সেমিস্টারের শিক্ষার্থী রাফসান আহমেদের ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

রোববার (১২ আগস্ট) ঢাকা মহানগর হাকিম ফাহ্দ বিন আমিন চৌধুরীর আদালত এ রিমান্ডের আদেশ দেন।

এর আগে রোববার সকালে ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে মামলার তদন্ত কর্মকর্তা পুলিশের কাউন্টার টেররিজম ইউনিটের সাইবার সিকিউরিটি অ্যান্ড ক্রাইম বিভাগের পুলিশ পরিদর্শক মোহাম্মদ মুশা আইসিটি আইনের মামলায় ঢাবি শিক্ষার্থীকে হাজির করে সাতদিনের রিমান্ডের আবেদন করলে বিচারক এ আদেশ দেনস বলে জানান আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা মাহমুদ হোসেন।

মামলার নথি থেকে জানা যায়, আসামি তাঁর ফেসবুকে ১৫ আগস্ট নিয়ে বিভিন্ন কটূক্তিকর বক্তব্য প্রকাশ করেন। এ ঘটনায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে মামলা করে পুলিশ। পরে সে মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়।

গত ৯ আগস্ট সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সরকার, আওয়ামী লীগ ও বঙ্গবন্ধু পরিবারকে নিয়ে সমালোচনামূলক স্ট্যাটাস দেওয়ার অভিযোগে রাফসান আহমেদকে প্রক্টরের হাতে তুলে দেয় ছাত্রলীগ। ওই ছাত্রকে পরে পুলিশে দেন প্রক্টর।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রব্বানী বলেন, ‘সরকারবিরোধী স্ট্যাটাস দেওয়ায় ওই ছাত্রকে আটক করা হয়েছে।’

ওই ছাত্রকে প্রক্টর অফিসে দেওয়ার আগে মারধর করার অভিযোগ উঠে শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট শাখা ছাত্রলীগের বিরুদ্ধে। তবে এ অভিযোগ সত্য নয় বলে মন্তব্য করেন ইনস্টিটিউট শাখা ছাত্রলীগের সভাপতি এম আর মুকুল ইসলাম।

এ বিষয়ে শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট শাখা ছাত্রলীগের সভাপতি মুকুল ইসলাম বলেন, ‘তাঁকে কোনো ধরনের মারধর করা হয়নি। আমরা তাঁকে ডেকে নিয়ে প্রক্টর অফিসে দিয়ে এসেছি। এর বাইরে কিছুই ঘটেনি।’

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রব্বানী বলেন, ‘ফেসবুকে সরকারবিরোধী স্ট্যাটাস দেওয়ায় তাকে আটক করা হয়েছে। পরে জিজ্ঞাসাবাদের জন্য তাকে থানায় সোপর্দ করা হয়েছে।’

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.