Sylhet Today 24 PRINT

নওশাবার জামিন না মঞ্জুর, কারাগারে

সিলেটটুডে ডেস্ক |  ১৩ আগস্ট, ২০১৮

নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের চলমান আন্দোলনের মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে গুজব ছড়ানোর অভিযোগে গ্রেপ্তার অভিনেত্রী কাজী নওশাবার জামিন আবেদন নাকচ করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

সোমবার (১৩ আগস্ট) বিকালে ঢাকার অতিরিক্ত মহানগর হাকিম আদালতের বিচারক আসাদুজ্জামান নুর এ আদেশ দেন।

এর আগে সকালে রিমান্ড শেষে আদালতে পাঠানোর পর তিনি অসুস্থ হয়ে পড়েন। আদালতে সোপর্দ করার আগেই তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছিল। পরে হাসপাতাল থেকে তাকে আবারও আদালতে পাঠানো হয়।

জামিনের বিষয়ে নওশাবার আইনজীবী এ এইচ ইমরুল কাওসার জানান, নওশাবার পক্ষে আমি জামিন চেয়েছিলাম। সে অসুস্থ। যদি পুলিশ হেফাজতে কোনো অঘটন ঘটে? কিন্তু আদালত তার জামিন আবেদন নাকচ করেছেন।

এর আগে গত ৫ আগস্ট ঢাকা মহানগর হাকিম মাজাহারুল হকের আদালতে হাজির করে ৭ দিনের রিমান্ড চেয়ে আবেদন করলে আদালত ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

প্রসঙ্গত, নিরাপদ সড়কের আন্দোলনে ফেসবুক লাইভে কাজী নওশাবা দাবি করেন, রাজধানীর জিগাতলায় একজন শিক্ষার্থীর চোখ তুলে ফেলা হয়েছে এবং মেরে ফেলা হয়েছে চার শিক্ষার্থীকে।

তবে তার দেওয়া তথ্যের কোনও সত্যতা পাওয়া যায়নি। এ নিয়ে পরবর্তীতে ব্যাপক বিতর্ক সৃষ্টি হয়। এ ঘটনায় তাকে আটক করে আইনশৃঙ্খলা বাহিনী। পরে র‌্যাব- ১ এর ডিএডি মো. আমিনুল ইসলাম উত্তরা পশ্চিম থানায় বাদী হয়ে তার বিরুদ্ধে একটি মামলাটি দায়ের করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.