Sylhet Today 24 PRINT

কক্সবাজার ও ঢাকায় ‘বন্দুকযুদ্ধে’ নিহত ৩

সিলেটটুডে ডেস্ক |  ১৪ আগস্ট, ২০১৮

ঢাকা ও কক্সবাজারে কথিত 'বন্দুকযুদ্ধে' ২ মাদক ব্যবসায়ী ও অজ্ঞাত পরিচয়ের একজন নিহত হন। সোমবার (১৩ আগস্ট) দিবাগত রাতে ঢাকার খিলগাঁওয়ের নাগদারপাড় এলাকায় ১জন ও মঙ্গলবার (১৪ আগস্ট) সকাল সাড়ে ৭টার দিকে কক্সবাজারের রামু উপজেলার পানেরছড়া ঢালা এলাকায় ২জন নিহত হন।

ঢাকা:
ঢাকার খিলগাঁওয়ে গোয়েন্দা পুলিশের (ডিবি) সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তি (৩৫) নিহত হয়েছেন। সোমবার (১৩ আগস্ট) দিবাগত রাতে খিলগাঁওয়ের নাগদারপাড় এলাকায় এ ঘটনা ঘটে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান জানান, নাগদারপাড় এলাকায় ডিবি পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে এক ব্যক্তি গুলিবিদ্ধ হন। এ সংবাদ পেয়ে খিলগাঁও থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন তাকে। তার পরনে ছিল জিন্সের প্যান্ট ও গেঞ্জি।

ময়নাতদন্তের জন্য তার মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

কক্সবাজার:
কক্সবাজার জেলার রামু উপজেলায় র‌্যাবের সঙ্গে 'বন্দুকযুদ্ধে' মো. নিজাম উদ্দিন (৩০) ও রতন রুদ্র (৩১) নামে দুই মাদক ব্যবসায়ী নিহত হয়েছে।

মঙ্গলবার (১৪ আগস্ট) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার পানেরছড়া ঢালা এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন র‌্যাব-৭ কক্সবাজার ক্যাম্পের কমান্ডো মেজর মেহেদী হাসান।

তিনি জানান, মো. নিজাম উদ্দিন ও রতন রুদ্র দুই জনই চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার বাসিন্দা ছিলেন। র‍্যাবের সাথে বন্দুকযুদ্ধে তারা গুলিবিদ্ধ হয়। গুলিবিদ্ধ অবস্থায় তাদের উদ্ধার করে কক্সবাজার হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন।

এ সময় তাদের কাছ থেকে ৪ লাখ ৪৪ হাজার পিচ ইয়াবা ও ৪টি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়েছেও বলে জানান তিনি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.