Sylhet Today 24 PRINT

জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে সদস্য প্রেরণে বাংলাদেশ শীর্ষে : সংসদে পররাষ্ট্রমন্ত্রী

সিলেটটুডে ডেস্ক |  ০৬ জুলাই, ২০১৫

জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে সৈন্য ও পুলিশ পাঠানো দেশগুলোর মধ্যে বাংলাদেশ শীর্ষে রয়েছে বলে সংসদে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী।

তিনি সোমবার (৬ জুলাই) সংসদে সরকারি দলের সদস্য মাহফুজুর রহমানের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘আমাদের শান্তিরক্ষী সদস্যদের দক্ষতা, সাহসিকতা ও পেশাদারিত্বের কারণে বাংলাদেশ বেশ কয়েক বছর ধরে সর্বোচ্চ সংখ্যক শান্তিরক্ষী পাঠানো দেশগুলোর কাতারে অবস্থান করছে।’

পররাষ্ট্রমন্ত্রী বলেন, জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশের সক্রিয় ভূমিকা আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা রক্ষায় আমাদের সাংবিধানিক ও পররাষ্ট্র নীতির সুস্পষ্ট অঙ্গীকারের বহিঃপ্রকাশ। এর জন্য বাংলাদেশের ১২৫ জন বীর সন্তানের জীবনের চরম মূল্য দিতেও কুণ্ঠিত হয়নি।

হাসান মাহমুদ আলী বলেন, আগামী দিনগুলোতে জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশ আন্তরিক ও দায়িত্বশীল ভূমিকা পালন করে যেতে বদ্ধপরিকর। সে উদ্দেশ্যে প্রধানমন্ত্রীর সদয় নির্দেশনা অনুসারে দেশের সশস্ত্র বাহিনী ও পুলিশকে আধুনিক, জটিল ও বহুমাত্রিক শান্তিরক্ষা কার্যক্রমের উপযোগী করে গড়ে তোলার জন্য প্রয়োজনীয় সক্ষমতা বৃদ্ধি ও প্রশিক্ষণ কর্মসূচির উদ্যোগ নেয়া হয়েছে।

তিনি বলেন, জাতিসংঘের চাহিদা মাফিক যে কোন জরুরি সংঘাত পরবর্তী পরিস্থিেিত শান্তিরক্ষী মোতায়েনের জন্য সরকার কূটনৈতিক তৎপরতা অব্যাহত রাখার পাশাপাশি দ্রুত মোতায়েন সক্ষম বাহিনী গড়ে তোলার ব্যাপারে যথাযথ উদ্যোগ নিয়েছে।

মন্ত্রী বলেন, এসব কাজের সমন্বয়ের জন্য সরকার জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে অংশগ্রহণের বিষয়ে একটি জাতীয় কৌশল প্রণয়নের কাজ প্রায় চূড়ান্ত করে এনেছে। এর অংশ হিসেবে সরকার জাতিসংঘ শান্তি নির্মাণ বা পিস বিল্ডিং কার্যক্রমে দেশের অভিজ্ঞ সামরিক ও বেসামরিক জনশক্তির অংশগ্রহণ বাড়ানোর লক্ষ্যে কাজ করে যাচ্ছে।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, এই উদ্দেশ্যে সরকার বাংলাদেশে একটি পিস্ বিল্ডিং সেন্টার স্থাপনের বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নিয়েছে।

তিনি বলেন, সর্বোপরি যেসব দেশে শান্তিরক্ষী বাহিনী সেবার মধ্য দিয়ে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করেছেন, সেসব দেশের সাথে দেশের রাজনৈতিক, অর্থনৈতিক ও বাণিজ্যক সম্পর্ক সম্প্রসারণের জন্য সরকার প্রয়োজনীয় কূটনৈতিক উদ্যোগ গ্রহণ করছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.