Sylhet Today 24 PRINT

সাংবাদিক মুকুলের জামিন নামঞ্জুর, কথিত প্রেমিকার জামিন

সিলেটটুডে ডেস্ক |  ০৬ জুলাই, ২০১৫

স্ত্রী নাজনীন আক্তার তন্বীর দায়ের করা মামলায় গাজী টেলিভিশন থেকে চাকরিচ্যুত সাংবাদিক রকিবুল ইসলাম মুকুলের জামিনের আবেদন নামঞ্জুর করলেও তার কথিত প্রেমিকা মেহেরুন বিনতে ফেরদৌস সিঁথিকে জামিন দিয়েছেন আদালত।

সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শামসুল আরেফিনের আদালতে মুকুল ও সিঁথির জামিনের আবেদন জানান তাদের আইনজীবীরা। শুনানি শেষে সিঁথির আবেদন মঞ্জুর করলেও মুকুলের আবেদন নামঞ্জুর করেন আদালত।

জামিনের আবেদনের পক্ষে শুনানি করেন মুকুল-সিঁথির আইনজীবী গোলাম মোস্তফা খান। জামিনের বিরোধিতা করেন অ্যাডভোকেট কাজী নজীবউল্লাহ হিরু, বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতি ও অ্যাডভোকেট মবিনুল ইসলাম।

স্ত্রীকে নির্যাতনের অভিযোগে করা মামলায় ২৬ জুন দিবাগত রাত আড়াইটার দিকে রাজধানীর সেগুনবাগিচা থেকে পুলিশ রকিবুল ইসলাম মুকুলকে (৩৭) গ্রেপ্তার করে।

মামলার বাদী মুকুলের স্ত্রী নাজনীন আখতার দৈনিক জনকণ্ঠ পত্রিকার জ্যেষ্ঠ প্রতিবেদক। ২৫ জুন নাজনীন তার স্বামী মুকুল ও মেহেরুন বিনতে ফেরদৌস নামের আরেক নারীর বিরুদ্ধে নারী নির্যাতন ও যৌতুকের অভিযোগে মামলাটি দায়ের করেন। পরদিন ২৭ জুন আদালতের নির্দেশে তাকে ১ দিনের রিমান্ডে নেন মামলার তদন্ত কর্মকর্তা মিরপুর মডেল
থানার উপ-পরিদর্শক (এসআই) মাসুদ পারভেজ। ২৮ জুন রিমান্ড শেষে মুকুলকে কারাগারে পাঠিয়ে দেন আদালত।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.