Sylhet Today 24 PRINT

ইন্টারনেটসহ যেসব সুবিধা পাবেন নতুন বিমান আকাশবীণায়

সিলেটটুডে ডেস্ক |  ২০ আগস্ট, ২০১৮

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহরে যুক্ত হয়েছে প্রথম বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার উড়োজাহাজ ‘আকাশবীণা’। রোববার (১৯ আগস্ট) বিকেল ৫টা ২৫ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এতে পৌঁছায় চতুর্থ প্রজন্মের সর্বাধুনিক এই উড়োজাহাজটি।

ড্রিমলাইনার আকাশবীণায় যাত্রীরা ওয়াইফাইয়ের মাধ্যমে বিনামূল্যে ১০ মেগাবাইট ইন্টারনেট ব্যবহার করতে পারবেন। এর বেশি প্রয়োজন হলে কিনে নিতেও পারবেন। প্রতিটি আসনের সামনে থাকা এলইডি স্ক্রিনে সরাসরি দেখা যাবে বিবিসি, সিএনএনসহ ৯টি টেলিভিশন চ্যানেল।

টেলিভিশনের পাশাপাশি শতাধিক দেশি-বিদেশি চলচ্চিত্র থেকে দেখতে পারবেন পছন্দের চলচ্চিত্রটি। চাইলে গেমসও খেলতে পারবেন যাত্রীরা।

আকাশবীণায় রয়েছে বোতাম টিপে জানালার শাটার খোলা ও বন্ধ করার সুবিধা। চাইলে চারপাশে থাকা আলো একটু নিভিয়ে ঘুমিয়েও নিতে পারবেন। এজন্য প্রতিটি সিটের সাথে রয়েছে মুড লাইট সিস্টেম।

আসনের সামনের থাকা এলইডি স্ক্রিনে দেখা যাবে বিমানের রিয়েল টাইম অবস্থান। যাত্রীরা জানতে পারবেন তাদের গন্তব্যের দূরত্ব সম্পর্কে। থ্রিডিতে দেখতে পারবেন চারপাশের পরিবেশ।

ইঞ্জিনের শব্দ কমাতে আকাশবীণায় ব্যবহার করা হয়েছে বিশেষ প্রযুক্তি। ফলে অন্যান্য উড়োজাহাজের চেয়ে কানে একটু কম শব্দ আসবে এটাই স্বাভাবিক।

আগামী ১ সেপ্টেম্বর থেকে বাণিজ্যিক ভাবে যাত্রা শুরু করবে আকাশবীণা। এদিন থেকে ২০০ মার্কিন ডলারে ঢাকা-সিঙ্গাপুর-ঢাকা এবং ২৯০ মার্কিন ডলারে ঢাকা-কুয়ালালামপুর-ঢাকা পথে ভ্রমণ করা যাবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.