সিলেটটুডে ডেস্ক | ২২ আগস্ট, ২০১৮
মুসলমানদের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব ঈদুল আজহা উপলক্ষে সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে শুভেচ্ছা বঙ্গভবনে শুভেচ্ছা বিনিময় করেছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ। এ সময় দেশবাসীকে কোরবানি ঈদের শুভেচ্ছা জানিয়ে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বলেছেন, অশুভ ও অকল্যাণকে পরিহার করে মানব কল্যাণে সবাইকে আত্মনিয়োগ করতে হবে।
রাষ্ট্রপতি বলেন, ‘মানবতাই ধর্মের মূল বাণী। ধর্ম মানুষকে ন্যায়-নীতি ও কল্যাণের পথ দেখায়। মানবসেবার দিকনির্দেশনা দেয়। তাই সব অশুভ ও অকল্যাণকে পরিহার করে মানব কল্যাণে আমাদের আত্মনিয়োগ করতে হবে।’
তিনি বলেন, ‘কোরবানি মানুষকে ত্যাগের পাশাপাশি ধৈর্য ধরার শিক্ষা দেয়। আমাদের ব্যক্তি, সামাজিক ও রাজনৈতিক ক্ষেত্রেও ত্যাগ ও ধৈর্যের গুরুত্ব অপরিসীম। পারস্পরিক শ্রদ্ধাবোধ ও পরম সহিষ্ণুতা প্রদর্শনের মাধ্যমেই গড়ে উঠতে পারে একটি সমতাভিত্তিক সুখী-সমৃদ্ধ ও শান্তিপূর্ণ সমাজ ব্যবস্থা।’
ঈদ উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন, পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী, তথ্য ও যোগাযোগ প্রযুক্তিমন্ত্রী মোস্তাফা জব্বার, প্রধানমন্ত্রী উপদেষ্টা এইচটি ইমাম, গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন, বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, মন্ত্রীপরিষদ সচিব, তিন বাহিনীর প্রধানসহ উচ্চ পদস্থ বেসামরিক-সামরিক কর্মকর্তারা,সংসদ সদস্য, রাজনৈতিক, উচ্চ আদালতের বিচারপতি, শিক্ষাবিদ, কবি-সাহিত্যিক-শিল্পী, ব্যবসায়ী প্রতিনিধি, ধর্মীয় নেতারা রাষ্ট্রপতির শুভেচ্ছা বিনিময় করেন।
প্রসঙ্গত, বুধবার সকাল ১০টা থেকে বঙ্গভবনে ঈদ শুভেচ্ছা বিনিময় শুরু করেন রাষ্ট্রপতি আবদুল হামিদ। প্রথমে বাংলাদেশে কর্মরত বিভিন্ন দেশের কূটনীতিক ও উন্নয়ন সহযোগী দেশের প্রতিনিধিদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন রাষ্ট্রপতি মোহাম্মদ আবদুল হামিদ।
এরপর বেলা ১২টা পর্যন্ত রাষ্ট্রপতি রাজনীতিবিদ, বিচারক, কবি, সাহিত্যিক, লেখক, সাংবাদিক, শিক্ষক, বুদ্ধিজীবী এবং বেসামরিক, সামরিক কর্মকর্তাসহ সর্বস্তরের জনগণ ও পেশাজীবীদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন তিনি।
প্রতিবছরের মতো এবারও বঙ্গভবনের দরবার হলে অতিথিদের আপ্যায়নের ব্যবস্থা করা হয়। গরুর মাংস, মুরগির মাংস, লুচি,পরোটা, পোলাও, দই বড়া, সেমাইসহ কয়েক পদের মিষ্টি দিয়ে আপ্যায়ন করা হয় অতিথিদের।