Sylhet Today 24 PRINT

টেকনাফে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ১

সিলেটটুডে ডেস্ক |  ২৪ আগস্ট, ২০১৮

কক্সবাজারের টেকনাফ উপজেলায় র‌্যাবের সঙ্গে কথিত ‘বন্দুকযুদ্ধে’ আজিজুর রহমান আজাদ (৪২) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। শুক্রবার (২৪ আগস্ট) ভোর ৪টার দিকে টেকনাফ পল্লী বিদ্যুৎ অফিসের সামনে এ ঘটনা ঘটে। নিহত আজিজ সাভারের শ্যামপুর এলাকার আনিসুর রহমানের ছেলে।

এ সময় ঘটনাস্থল থেকে প্রায় ২০ হাজার ইয়াবা, একটি অগ্নিদগ্ধ মাইক্রোবাস, একটি বিদেশি পিস্তল, তিন রাউন্ড গুলির খোসা ও তিন রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়েছে।

র‌্যাব জানায়, টেকনাফ থেকে মাইক্রোবাসে ইয়াবার একটি চালান ঢাকা নেওয়া হবে। এমন খবর পেয়ে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) এর একটি দল টেকনাফে অস্থায়ী তল্লাশি চৌকি বসিয়ে যানবাহনে তল্লাশি শুরু করে।

এ সময় একটি মাইক্রোবাস থামানোর নির্দেশ দেয় র‌্যাব। কিন্তু নির্দেশ অমান্য করে মাইক্রোবাসটি না থামিয়ে চালক র‌্যাবকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে। র‌্যাবও আত্মরক্ষার্থে গুলি ছুঁড়লে ওই গাড়িতে থাকা ইয়াবা বিক্রেতা আজিজুর রহমান আজাদ নিহত হন।

টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রনজিৎ কুমার বড়ুয়া বলেন, মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.