Sylhet Today 24 PRINT

জাতিসংঘের উন্নয়ন নীতি কমিটিতে দেবপ্রিয় ভট্টাচার্য

সিলেটটুডে ডেস্ক |  ২৬ আগস্ট, ২০১৮

অর্থনীতিবিদ ও গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) সম্মানীয় ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য জাতিসংঘের কমিটি ফর ডেভেলপমেন্ট পলিসির (সিডিপি) সদস্য নিযুক্ত হয়েছেন।

জাতিসংঘ মহাসচিব অ্যান্টনি গুতেরেসের সুপারিশে এর অর্থনৈতিক ও সামাজিক পরিষদের (ইকোসক) সাম্প্রতিক অধিবেশনে এ পদে ড. দেবপ্রিয়কে তিন বছরের জন্য (২০১৯-২০২১) নিযুক্ত করা হয়েছে বলে রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে সিপিডি।

এরআগে বাংলাদেশ থেকে জাতিসংঘের উন্নয়ন নীতি বিষয়ক এ কমিটির সদস্য ছিলেন স্বনামধন্য অর্থনীতিবিদ অধ্যাপক নুরুল ইসলাম, অধ্যাপক রেহমান সোবহান এবং অধ্যাপক ওয়াহিদউদ্দিন মাহমুদ।

বাংলাদেশের জন্য এ কমিটির কার্যক্রম খুবই গুরুত্বপূর্ণ। এ বছরের মার্চে স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে বাংলাদেশের উত্তরণে সুপারিশ করে সিডিপি। আগামী কয়েক বছর এর পর্যবেক্ষণে থাকবে বাংলাদেশ। ২০২৪ সালে বাংলাদেশের উন্নয়নশীল দেশে সম্ভাব্য উত্তরণের পথে সামগ্রিক অগ্রগতি পর্যালোচনা করবে এ কমিটি।

ড. দেবপ্রিয় আন্তর্জাতিকভাবে স্বীকৃত এলডিসি বিষয়ে একজন বিশেষজ্ঞ। তিনি জাতিসংঘ, বিশ্ব বাণিজ্য সংস্থা এবং অন্যান্য আন্তর্জাতিক প্রতিষ্ঠানে বাংলাদেশের প্রতিনিধি হিসেবে কাজ করেছেন। তিনি জেনেভায় জাতিসংঘের স্বল্পোন্নত দেশগুলোর সমন্বয়ক ছিলেন। বিশ্ব বাণিজ্য সংস্থার বহু উচ্চ পর্যায়ের আলোচনায় স্বল্পোন্নত দেশের পক্ষে নেতৃত্ব দিয়েছেন। তিনি আঙ্কটাড মহাসচিবের স্বল্পোন্নত দেশ বিষয়ক বিশেষ উপদেষ্টা ছিলেন এবং ২০১১ সালে অনুষ্ঠিত জাতিসংঘের স্বল্পোন্নত দেশগুলোর চতুর্থ সম্মেলন প্রস্তুতিতে অবদান রাখেন। তিনি আঙ্কটাড গভর্নিং বোর্ডের সভাপতি ছিলেন। বর্তমানে ড. দেবপ্রিয় দুটি আন্তর্জাতিক নেটওয়ার্ক এলডিসি ফোর মনিটর এবং সাউদার্ন ভয়েস অন এসডিজির সভাপতি।

১৯৬৫ সালে প্রতিষ্ঠিত সিডিপি জাতিসংঘের ইকোসকের সহযোগী হিসেবে কাজ করে, যার সদস্য ২৪ জন। এ কমিটি আন্তর্জাতিক উন্নয়ন সহযোগিতা জোরদারে ইকোসককে অর্থনৈতিক, সামাজিক ও পরিবেশ ইস্যুতে পরামর্শ দেয়। সিডিপি তিন বছর পরপর স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা পর্যালোচনা করে থাকে এবং এ তালিকায় নতুন অন্তর্ভুক্তি ও তালিকা থেকে বের হওয়ার যোগ্যতাসম্পন্ন দেশ চিহ্নিত করে। বর্তমানে সিডিপি স্বল্পোন্নত দেশ চিহ্নিত করার সূচকগুলো পুনর্বিবেচনা করছে। এলডিসি তালিকা থেকে বের হয়ে যাওয়া দেশগুলোকে কী সাহায্য দেওয়া যায়, তাও আলোচনা করছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.