Sylhet Today 24 PRINT

বাংলাদেশের বন্ধু গোবিন্দ হালদার আর নেই

শনিবার বেলা পৌনে ১১টার দিকে কলকাতার মানিকতলা জেএম রায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

নিউজ ডেস্ক |  ১৭ জানুয়ারী, ২০১৫


মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি, এক সাগর রক্তের বিনিময়ে, পূর্ব দিগন্তে সূর্য উঠেছে - মহান মুক্তিযুদ্ধের সময়কার এমন কালজয়ী গানের স্রষ্ঠা প্রখ্যাত সুরকার, গীতিকার গোবিন্দ হালদার আর নেই। শনিবার বেলা পৌনে ১১টার দিকে কলকাতার মানিকতলা জেএম রায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

তিনি দীর্ঘদিন ধরে কিডনি অসুস্থতায় ভুগছিলেন।  তাঁর অসুস্থতার খবর আলোচনায় আসলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর সমস্ত চিকিৎসার দায়িত্ব নিয়েছিলেন ।

গোবিন্দ হালদার একজন বাঙালি গীতিকার। বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় স্বাধীন বাংলা বেতারে সম্প্রচারিত তার লেখা গানসমূহ মুক্তিযোদ্ধাদের অনুপ্রাণিত করতো।

মুক্তিযুদ্ধের সময় তার রচিত উল্লেখযোগ্য গানের মধ্যে মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি, এক সাগর রক্তের বিনিময়ে, পূর্ব দিগন্তে সূর্য উঠেছে, লেফট রাইট লেফট রাইট, হুঁশিয়ার হুঁশিয়ার, পদ্মা মেঘনা যমুনা, চলো বীর সৈনিক, হুঁশিয়ার, হুঁশিয়ার বাংলার মাটি অন্যতম। তিনি ভারতের আকাশবাণী বেতারের তালিকাভুক্ত গীতিকার ছিলেন।

আয়কর বিভাগে কর্মরত অবস্থায় বন্ধু কামাল আহমেদের অনুপ্রেরণায় এবং উৎসাহে তিনি বাংলাদেশের মুক্তিযুদ্ধের উপর গান রচনা করেন। কামাল আহমেদ তাকে স্বাধীন বাংলা বেতারের কর্ণধার কামাল লোহানীর সাথে পরিচয় করিয়ে দেন এবং তার হাতে ১৫টি গানের একটি খাতা দেন।

এ গানগুলোর মধ্যে স্বাধীন বেতারে প্রথম প্রচারিত হয় সমর দাসের সুরারোপিত পূর্ব দিগন্তে সূর্য উঠেছে গানটি। মুক্তিযুদ্ধ চলাকালীন সময়েই তার আরও কিছু গান স্বাধীন বেতারে সম্প্রচারিত হয়।

পাক বাহিনীর আত্মসমর্থনের খবর পাওয়ার পরপরই সন্ধ্যায় ১৬ই ডিসেম্বর প্রচারিত হয় এক সাগর রক্তের বিনিময়ে গানটি যা সুর দিয়েছিলেন বাংলাদেশের প্রখ্যাত সুরকার ও কণ্ঠশিল্পী আপেল মাহমুদ এবং মূল কণ্ঠ দিয়েছিলেন স্বপ্না রায়। আরও কণ্ঠ দিয়েছিলেন আপেল মাহমুদ এবং সহশিল্পীরা।

এদিকে তাঁর মৃত্যুতে শোক জানিয়েছেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ ,প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নুর ।


টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.