Sylhet Today 24 PRINT

‘জীবন বাঁচাতে’ সিপি গ্যাং সদস্য অরূপ রতনের বিরুদ্ধে বাদীর মামলা প্রত্যাহারের সিদ্ধান্ত

সিলেটটুডে ডেস্ক |  ০৯ জুলাই, ২০১৫

‘যেখানে মানসম্মান রক্ষার জন্য মামলা করেছিলাম সেখানে জীবনের নিরাপত্তার প্রশ্নটি এখন চলে এসেছে। জীবনই যদি না থাকে মানসম্মান দিয়ে কী করবো?’ এমন কথা লিখে অনলাইনের বিতর্কিত সিপি গ্যাং-এর সদস্য অরূপ রতন পালের বিরুদ্ধে দায়ের করা মামলাটি প্রত্যাহার করার কথা জানিয়েছেন মামলার বাদী তাপস কুমার সরকার।

বুধবার (৮ জুলাই) বিকেলে তাপস কুমার সরকার (সরকার তাপস নামে ফেসবুকে পরিচিত) তার ফেসবুক আইডিতে প্রাণ বাঁচাতে এবং নিজের পরিবার নিয়ে শংকার কথা জানিয়ে মামলা তুলে নেওয়ার ব্যাপারে একটি স্ট্যাটাস দিয়েছেন। তাপস তার স্ট্যাটাসে এজাহারভুক্ত এ আসামির ওপর থেকে মামলা প্রত্যাহার করতে বিভিন্ন জায়গা থেকে চাপ আসার প্রসঙ্গ উল্লেখ করেন। 

সরকার তাপস লিখেন-

অনলাইনে বছরখানেক ধরে আমাকে এবং আমার পরিবার সম্পর্কে অশ্লীল, মিথ্যা, মানহানীকর বক্তব্য প্রকাশ করে এসেছে অরূপ রতন পাল ও তার সহযোগিরা। যার কারণে আমার পরিবারের মান সম্মানের কথা বিবেচনা করে আমি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে একটি মামলা দায়ের করি। কোন প্রভাব বিস্তার না করার কারণে দীর্ঘ প্রায় দেড় মাস পর মামলার এজাহারভুক্ত আসামী অরূপ রতন গ্রেফতার হন। এ ঘটনার পর থেকেই বিভিন্ন জায়গা থেকে থানার উপর চাপ আসে মামলাটি প্রত্যাহার করার জন্য। এ অবস্থায় যে মহলের চাপের কথা বলা হচ্ছে তাতে আমি আমার পরিবার নিরাপত্তা নিয়ে শঙ্কিত। যেখানের মান সম্মান রক্ষার জন্য মামলার করেছিলাম সেখানে জীবনের নিরাপত্তার প্রশ্নটি চলে এসেছে। জীবনই যদি না থাকে মান সম্মান দিয়ে কী করবো? আমার ৮ মাসের একটি বাচ্চা আছে তার অনাগত ভবিষ্যতের দিকে তাকিয়ে মামলাটি নি:শর্তে প্রত্যাহারের সিদ্ধান্ত গ্রহন করেছি। দলবেধে আমি আমার পরিবারসহ মুক্তিযুদ্ধের সপক্ষ শক্তির অনলাইন এক্টিভিস্ট, আওয়ামীলীগের মন্ত্রী, এমপি এবং আওয়ামীলীগ যুবলীগ, ছাত্রলীগের বিভিন্ন নেতাদের গালাগালি করে আসা সিপি গ্যাংয়ের জয় হয়েছে। আফটার অল ওদের ভাষ্য মতে আমি তো একজন আটকে পড়া ভারতীয় এবং সবশেষে কারণে অকারণে দল মত নির্বিশেষে মার খাওয়া অতি ক্ষুদ্র একজন হিন্দু।

অরূপ রতন পালের বিরুদ্ধে এ বছরের মে মাসে তথ্য প্রযুক্তি আইনে মামলা করেছিলেন সরকার তাপস। মামলার দেড় মাসের মাথায় গত মঙ্গলবার (৭ জুলাই) রাজশাহীর চারঘাট মডেল থানা পুলিশ সিপি গ্যাংয়ের এডমিন অরূপ রতন পালকে রামপুরা থেকে গ্রেফতার করে।

গ্রেফতারের একদিনের মাথায় বাদীর পক্ষ থেকে হুমকির মুখে এ মামলা তুলে নেওয়ার ঘোষণা আসলো। অভিযুক্ত সিপি গ্যাং সদস্য অরূপ রতন পালের বাড়ি মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার রূপসপুর আবাসিক এলাকায়।

উল্লেখ্য, বিতর্কিত ফেসবুক গ্রুপ 'সিপি গ্যাং' অনলাইনে অশ্লীলতা ও গালাগালির জন্যে ব্যাপকভাবে সমালোচিত। তথ্যপ্রযুক্তি বিষয়ে উদ্ভাবনী কাজের জন্য ৩০ জুন চার লক্ষ টাকা সরকারী অনুদান পায় অনলাইনে আলোচিত ও সমালোচিত 'সিপি গ্যাং'। এরপর বিভিন্ন মহল থেকে ব্যাপক সমালোচনার প্রেক্ষিতে এ অনুদান বাতিল করে মন্ত্রণালয়। 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.