নিউজ ডেস্ক | ০৯ জুলাই, ২০১৫
জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) ভিত্তিতে নাগরিকদের হেলথ কার্ড রেকর্ড ডাটাবেজ তৈরির কথা ভাবছে সরকার। এক্ষেত্রে নির্বাচন কমিশনের (ইসি) তথ্য ভাণ্ডারের সংযোগ নিয়ে সবার স্বাস্থ্য সম্পর্কিত তথ্য সংরক্ষণ করবে স্বাস্থ্য অধিদফতর।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সরকারে ডিজিটাল বাংলাদেশ গড়ার পরিকল্পনার অংশ হিসেবে দেশের সব নাগরিকের স্বাস্থ্যগত তথ্য সংরক্ষণ করার উদ্যোগ নিয়েছে স্বাস্থ্য অধিদফতর। এতে একজন নাগরিকের চিকিৎসা ব্যয় যেমন কমে আসবে, তেমনি নিশ্চিত হবে সুচিকিৎসাও।
পুরো কার্যক্রমটি বাস্তবায়নের জন্য ইসির এনআইডি তথ্য ভাণ্ডারই ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্য অধিদফতর। এক্ষেত্রে এনআইডি শাখায় সংরক্ষিত বিশাল তথ্য ভাণ্ডারের সংযোগ পাওয়ার প্রত্যাশা করছে তারা। ইতিমধ্যে ইসির কাছে একটি প্রস্তাবনাও পাঠিয়েছে অধিদফতর।
স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা: আবুল কালাম আজাদের পাঠানো ওই প্রস্তাবনায় উল্লেখ করা হয়েছে, ‘আমরা জানি ইসি সচিবালয়ে নাগরিকদের তথ্য সংরক্ষিত আছে। বর্তমানে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় বাংলাদেশি নাগরিকদের জন্য সিটিজেন ইলেকট্রনিক হেলথ রেকর্ড ডাটাবেজ তৈরির কাজ করছে। এতে একজন ব্যক্তির সারা জীবনের স্বাস্থ্য সম্পর্কিত তথ্য সংরক্ষিত থাকবে। এজন্য জাতীয় পরিচয়ত্রের তথ্য ভাণ্ডার হতে অনলাইনে তথ্য পাওয়া গেলে কাজটি তরান্বিত ও সহজ হবে।’
আবুল কালাম আজাদ এনআইডি তথ্য ভাণ্ডারের তথ্য প্রদানে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ইসি সচিব সিরাজুল ইসলামকে প্রস্তাবনায় অনুরোধও জানিয়েছেন।
প্রস্তাবনায় আরো বলা হয়েছে, স্বাস্থ্য অধিদফতর নাগরিকের ১২ ধরনের তথ্য চেয়েছে। এরমধ্যে রয়েছে নাগরিকের নাম (বাংলা ও ইংরেজী), পিতা-মাতার তথ্যাবলী, জন্ম তারিখ, জন্ম স্থান, বর্তমান ঠিকানা, স্থায়ী ঠিকানা, জেন্ডার, বৈবাহিক অবস্থা, ধর্ম, পেশা, ছবি ও স্বাক্ষর।
এ বিষয়ে সিরাজুল ইসলাম বলেন, যেহেতু নাগরিকদের জন্য এটি একটি কল্যাণকর উদ্যোগ তাই স্বাস্থ্য অধিদফতরকে অবশ্যই তথ্য দেওয়া হবে। তবে এজন্য চুক্তিতে আসতে হবে। অর্থাৎ নির্দিষ্ট পরিমাণ অর্থ পরিশোধ করেই তথ্য নিতে হবে। যেভাবে জাতীয় রাজস্ব বোর্ড, পাসপোর্ট অধিদফতর জাতীয় পরিচয়পত্রের তথ্য নেয়।
বর্তমানে, ইসির তথ্য ভাণ্ডারে ৯ কোটি ৬২ লাখ নাগরিকের তথ্য সংরক্ষিত রয়েছে।