Sylhet Today 24 PRINT

কারাগারে খালেদার স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন, রিপোর্ট রোববার

সিলেটটুডে ডেস্ক |  ১৫ সেপ্টেম্বর, ২০১৮

দুর্নীতির মামলায় দণ্ডিত হয়ে কারাগারে থাকা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন হয়েছে। শনিবার (১৫ সেপ্টেম্বর) বিকেল পৌনে ৪টার দিকে পুরান ঢাকার নাজিমউদ্দিন রোডের কেন্দ্রীয় কারাগারে প্রবেশ করে খালেদার স্বাস্থ্য পরীক্ষা করেন তার চিকিৎসার জন্য গঠিত মেডিকেল বোর্ডের সদস্যরা।

পরে পৌনে ৫টার দিকে বের হয়ে আসেন তারা। কারাগারে খালেদা খালেদা জিয়ার স্বাস্থ্য পরীক্ষার পর বের হয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেননি বোর্ডের কোনও সদস্যই।

তবে পরে কারাফটকে এসে ঢাকা কেন্দ্রীয় কারাগারের সহকারী সার্জন ডা. মাহমুদুল হাসান সাংবাদিকদের বলেন, বোর্ডের সদস্যরা ওনার শারীরিক পরীক্ষা-নিরীক্ষা করেছেন। রোববার (১৬ সেপ্টেম্বর) বোর্ড সদস্যরা অফিসিয়ালি রিপোর্ট দেবেন।

কারাকর্তৃপক্ষের কাছ থেকে চিঠি পাওয়ার পর গত ১৩ সেপ্টেম্বর গঠিত এই মেডিকেলে বোর্ডের নেতৃত্বে রয়েছেন- বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ইন্টারনাল মেডিসিন বিভাগের অধ্যাপক আব্দুল জলিল চৌধুরী।

বোর্ডের অন্য সদস্যরা হলেন- কার্ডিওলজি বিভাগের অধ্যাপক হারিসুল হক, অর্থোপেডিক সার্জারি বিভাগের অধ্যাপক আবু জাফর চৌধুরী, চক্ষু বিভাগের সহযোগী অধ্যাপক তারেক রেজা আলী ও ফিজিক্যাল মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক বদরুন্নেসা আহমেদ।

ঢাকা কেন্দ্রীয় কারাগারের জেলার মাহবুবুল ইসলাম বলেন, মেডিকেল বোর্ডের সদস্যরা প্রায় ২০-৩০ মিনিট ধরে খালেদা জিয়ার স্বাস্থ্য পরীক্ষা করেন। রোববার চিকিৎসকেরা কারা অধিদপ্তরের মহাপরিচালকের মাধ্যমে খালেদা জিয়ার জন্য ব্যবস্থাপত্র (প্রেসক্রিপশন) দেবেন।

এক প্রশ্নের জবাবে কারাগারের একজন দায়িত্বশীল কর্মকর্তা জানান, খালেদা জিয়া অনেক আগে থেকে বার্ধক্যজনিত কিছু সমস্যায় ভুগছিলেন। সেই রোগের ওষুধও খাচ্ছিলেন তিনি। এখন বোর্ডের সদস্যরা তার শারীরিক অবস্থা পরীক্ষা-নিরীক্ষা করেছেন। সে আলোকে তারা ব্যবস্থাপত্র দেবেন।

গত ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় পাঁচ বছরের দণ্ডপ্রাপ্ত হয়ে পুরান ঢাকার নাজিমউদ্দিন রোডের কেন্দ্রীয় কারাগারে বন্দি রয়েছেন খালেদা জিয়া।

চিকিৎসকের পরামর্শে খালেদা জিয়ার শারীরিক পরীক্ষা সম্পন্ন করতে গত ৭ এপ্রিল বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে নেওয়া হয়। সর্বশেষ গত ৯ সেপ্টেম্বর বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে একটি প্রতিনিধি দল স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে দেখা করে খালেদা জিয়ার পছন্দ অনুযায়ী তাকে হাসপাতালে চিকিৎসা করানোর অনুরোধ জানায়।

এদিকে অসুস্থতার কারণে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া কারাগারের অস্থায়ী আদালতে উপস্থিত হতে পারেননি। বৃহস্পতিবার তার অনুপস্থিতিতেই দুদকের পক্ষ থেকে ওই মামলার কার্যক্রম চালিয়ে নেওয়ার আবেদন করা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ [email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.