Sylhet Today 24 PRINT

প্রাথমিকে সহকারী শিক্ষক নিয়োগ: লিখিত পরীক্ষা অক্টোবরে

সিলেটটুডে ডেস্ক |  ১৭ সেপ্টেম্বর, ২০১৮

আগামী মাসেই সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের লিখিত (এসসিকিউ) পরীক্ষা আয়োজনের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। সবকিছু ঠিক থাকলে আগামী ১৯ থেকে ২৬ অক্টোবরের মধ্যে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। আর ডিসেম্বরের মধ্যে মৌখিক পরীক্ষা শেষ হতে পারে।

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক সংকট নিরসনে প্রাথমিক শিক্ষা উন্নয়ন প্রকল্প-৪ (পিইডিপি-৪) আওতায় ১২ হাজার শিক্ষক নিয়োগের লক্ষ্যে গত ৩০ জুলাই বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। গত ১ থেকে ৩০ আগস্ট পর্যন্ত অনলাইনে আবেদন কার্যক্রম শেষ হয়। এতে সারাদেশ থেকে মোট ২৪ লাখ ৫টি আবেদন জমা পড়ে। অর্থাৎ প্রতি আসনে লড়বেন ২০০ জন।

এদিকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. এ এফ এম মনজুর কাদির জানান, আগামী ১৯ থেকে ২৬ অক্টোবরের মধ্যে শিক্ষক নিয়োগ পরীক্ষার আয়োজন করতে নীতিগত সিদ্ধান্ত নেয়া হয়েছে। আগামী সপ্তাহে এ সংক্রান্ত একটি সভা অনুষ্ঠিত হওয়ার কথা আছে। সেখানে পরীক্ষার দিন, সময় নির্ধারণ করা হবে। অক্টোবরে লিখিত পরীক্ষা সম্পন্ন করার পর, ডিসেম্বরের মধ্যে মৌখিক পরীক্ষা শেষ করা হবে। পাসকৃত যোগ্য প্রার্থীদের আগামী বছরের শুরুতে নিয়োগ দেয়া হবে বলেও জানান তিনি।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সূত্রে জানা যায়, বর্তমানে সারাদেশে প্রায় ৬৪ হাজার ৮২০টি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। তার মধ্যে প্রায় ১২ হাজার সহকারী শিক্ষকের পদ শূন্য রয়েছে। এ কারণে নতুন করে আরও ১২ হাজার সহকারী শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। পুরনো নিয়োগ বিধিমালা অনুসরণ করে এ নিয়োগ বিজ্ঞপ্তি দেয়া হয়। ফলে নারী আবেদনকারীদের ৬০ শতাংশ কোটায় এইচএসসি বা সমমান পাস এবং পুরুষের জন্য ৪০ শতাংশ কোটায় স্নাতক বা সমমান পাস রাখা হয়েছে। লিখিত পরীক্ষায় আসনপ্রতি তিনজনকে (একজন পুরুষ ও দুইজন নারী) নির্বাচন করা হবে। মৌখিক পরীক্ষার পর চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.