Sylhet Today 24 PRINT

জগাখিচুড়ি মার্কা ঐক্য টিকবে না: সেতুমন্ত্রী

সিলেটটুডে ডেস্ক  |  ২৪ সেপ্টেম্বর, ২০১৮

‘বৃহত্তর জাতীয় ঐক্য’কে জগাখিচুড়ির ঐক্যফ্রন্ট বলে উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলছেন,  ড. কামাল সাহেবরা যেটা গঠন করেছে, সেটা জাতীয় ঐক্য নয়। এটা হলো জগাখিচুড়ি ঐক্য। এই জগাখিচুড়ি ঐক্যফ্রন্ট বেশিদিন টিকবে না।’

সোমবার (২৪ সেপ্টেম্বর) সকালে কক্সবাজারে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে কাদের এ কথা বলেন। আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঢাকা থেকে কক্সবাজার পর্যন্ত আওয়ামী লীগের সড়কযাত্রা শেষে এ নিয়ে কথা বলছিলেন কাদের।

ওবায়দুল কাদের বলেন, ‘এইটা আসলে জগাখিচুড়ি ঐক্য, এটা বেশিদিন টিকবে এটা আমার বিশ্বাস হয় না। তাই তাদের কাছ থেকে কিছু আশা করাটা বিএনপির জন্য দুঃস্বপ্ন। ঢাকা থেকে কক্সবাজার আসা পর্যন্ত সড়ক পথে যেসব পথসভা হয়েছে সেগুলোর একটার সমান জমায়েত করার সক্ষমতাও বিএনপি বা জাতীয় ঐক্য কারো নেই। তাই তাদের অন্তরজ্বালা শুরু হয়ে গেছে।’

তিনি আরও বলেন, ‘এই যে পথসভাগুলো জনসভায় পরিণত হয়েছে, এগুলো প্রধানমন্ত্রী শেখ হাসিনার ম্যাজিক লিডারশিপের সোনালী ফসল। প্রধানমন্ত্রীর পরিশ্রমী ব্যক্তিত্ব, সৎ সাহস, সততার জন্য দেশের মানুষ আজ আস্থাশীল।’

এসময় আরও উপস্থিত ছিলেন- কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামীম, সংসদ সদস্য আবদুর রহমান বদি, সাংসদ আশেক উল্লাহ রফিক, কক্সবাজার জেলা আওয়ামী লীগের সভাপতি সিরাজুল মোস্তফা, সাধারণ সম্পাদক মুজিবুর রহমান প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.